জাতীয় সংবাদ

প্রক্সি শিক্ষক দিয়ে ক্লাস করানোর অভিযোগে ৩ শিক্ষকের নামে মামলা

প্রবাহ রিপোর্ট ঃ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিদ্যালয়ে অনুপস্থিত থাকা এবং ‘প্রক্সি শিক্ষক’ দিয়ে পাঠদান করানোর অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ তিনজনের নামে বিভাগীয় মামলা করা হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। বিভাগীয় মামলার আসামিরা হলেন সদর উপজেলার জোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ কুমার দাস, সহকারী শিক্ষক মো. আবু বাক্কর সিদ্দিকী ও মো. নওয়াজ শরীফ। এর আগে, মঙ্গলবার (২৩ জুন) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত পৃথক তিনটি নোটিশে অভিযুক্ত শিক্ষকদের এ আদেশ দেওয়া হয়। নোটিশে উল্লেখ করা হয়, শিক্ষকদের এমন কর্মকা- ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ মোতাবেক গুরুতর অসদাচরণের শামিল। প্রাথমিক শিক্ষা অফিসে আসা অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ মে সকাল সাড়ে ৯টায় জোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো শিক্ষকই কর্মস্থলে উপস্থিত ছিলেন না। এ সময় শিক্ষকরা নিজেরা অনুপস্থিত থেকে বিদ্যালয়ের দপ্তরি এবং বহিরাগত প্রক্সি শিক্ষক দিয়ে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালনা করছিলেন। পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু হয় এবং প্রাথমিক শিক্ষা বিভাগের ভাবমূর্তি ক্ষুণ হয়। আর এ কারণেই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবশ্য পরে খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ কুমার দাস ও সহকারী শিক্ষক আবু বাক্কর সিদ্দিকী সম্পূর্ণ অনুপস্থিত ছিলেন এবং সহকারী শিক্ষক নওয়াজ শরীফ বেলা ১১টার দিকে দেরিতে বিদ্যালয়ে আসেন। এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, ১৩ মে অভিযুক্তরা বিদ্যালয়ে উপস্থিত না থাকার বিষয়ে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দুই দফায় অভিযুক্ত শিক্ষকদের কৈফিয়ত তলব করলেও তাদের দেওয়া জবাব সন্তোষজনক হয়নি। এরই পরিপ্রেক্ষিতে গত ১৪ জুন তার দেওয়া সুপারিশের ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় এ কঠোর পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে কেন তাদের চাকরি থেকে বরখাস্ত বা অন্য কোনো প্রশাসনিক দ- দেওয়া হবে না, তা আগামী ১০ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button