নরসিংদীতে লাশ গুমের চেষ্টা : মাইক্রোবাস চালক আটক

প্রবাহ রিপোর্ট ঃ নরসিংদীর পলাশে একটি নির্জন স্থানে লাশ গুমের চেষ্টাকালে মাইক্রোবাসের চালককে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার (২৪ জুন) সকাল ৮টার দিকে উপজেলার বাগদি এলাকার পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের পাশে এ ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতা চালককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। তবে আটককৃত চালক মনির হোসেন বরিশালের বানারীপাড়া উপজেলার চিরাপাড়া গ্রামের মৃত জলিল হাওলাদারের ছেলে জানান তিনি। উদ্ধার হওয়া বৃদ্ধের নাম-পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগদি এলাকার সড়কের পাশে একটি মাইক্রোবাস থামিয়ে রক্তাক্ত ও গুরুতর আহত এক বৃদ্ধকে ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন চালক। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা চালককে হাতেনাতে আটক করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দেয় এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে আটক করে এবং মুমূর্ষু বৃদ্ধকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন । প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক মনির হোসেন দাবি করেন, গাবতলী এলাকার একটি পাম্পের সামনে চার-পাঁচজন ব্যক্তি ওই বৃদ্ধকে মুমূর্ষু অবস্থায় গাড়িতে তুলে দেয়। তাদের কথায় তিনি বৃদ্ধকে হাসপাতালে নেওয়ার উদ্দেশে গাড়িতে নিয়ে আাসেন। তবে পথে পুলিশের ঝামেলার আশঙ্কায় ভীত হয়ে তিনি নরসিংদীর ওই নির্জন স্থানে বৃদ্ধকে ফেলে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, বৃদ্ধকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠালে ডাক্তার মৃত ঘোষণা করেন । অভিযুক্ত গাড়িচালককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে বলা যাবে। মাদক-সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ। মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সদর উপজেলা বিএনপি। বুধবার (২৪ জুন) সকাল ১১টার দিকে শহরের পাঁচুড়িয়া এলাকার সদর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিনের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কাজী আবুল খায়ের, বিএনপি নেতা অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা এবং জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন। সমাবেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।



