মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬ খাত ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা

প্রবাহ রিপোর্ট : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ২০২৬-২৭ অর্থবছর থেকে দেশের খুচরা ও সেবা খাতের বিস্তৃত অংশকে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। নতুন তালিকায় মুদি দোকান, বিউটি পার্লার, রেস্টুরেন্টসহ মোট ১৬ ধরনের ব্যবসা যুক্ত করা হচ্ছে। বুধবার জাতীয় সংসদে লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মহিলা আসন-৩৫ সংসদ সদস্য সেলিনা সুলতানা জানতে চান, বিগত অর্থ বছরে মূল্য সংযোজন কর ও ভ্যাট বাবদ প্রাপ্ত রাজস্ব আয়ের পরিমাণ কত এবং নতুন কোনো প্রতিষ্ঠান বা উৎসকে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা আছে কিনা? থাকলে, সম্ভাব্য প্রতিষ্ঠান বা উৎসের তালিকা কী?
জবাবে অর্থমন্ত্রী বলেন, সরকারের রাজস্ব আহরণ বাড়াতে এবং ভ্যাট ব্যবস্থা আরও বিস্তৃত করতে নতুন করে বেশ কিছু খাতকে সুনির্দিষ্ট করের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, আগামী অর্থবছরে যেসব ব্যবসা খাত ভ্যাটের আওতায় আসতে পারে, তার মধ্যে রয়েছে মুদি দোকান, তৈরি পোশাক ও কাপড় বিক্রেতা, কনফেকশনারি, কসমেটিকস দোকান, প্লাস্টিক ও সিরামিক গৃহস্থালি পণ্য বিক্রয়কেন্দ্র, জুতার দোকান, হার্ডওয়্যার দোকান, ডেকোরেটরস, মোবাইল ফোন ও ইলেকট্রনিক্স পণ্যের শোরুম।
এছাড়া এসি, ফ্রিজ, ওভেনসহ গৃহস্থালি ইলেকট্রনিক্স, পেইন্ট, স্যানিটারি ও ফিটিংস, টাইলস, ঢেউটিন, রডসিমেন্ট, ফার্নিচার, মিষ্টান্ন ভান্ডার, রেস্টুরেন্ট এবং বিউটি পার্লারও এই তালিকায় অন্তর্ভুক্ত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
অর্থমন্ত্রী এ সময় ২০২৪-২৫ অর্থবছরে শুধু মূল্য সংযোজন কর (ভ্যাট) খাত থেকেই রাজস্ব আদায় হয়েছে প্রায় ১ লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকা বলে জানান।
সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।



