আত্মহত্যার সিদ্ধান্ত: প্রেমিক যমুনায় ঝাঁপ দিতেই পালালেন প্রেমিকা!

প্রবাহ রিপোর্ট ঃ একসঙ্গে আত্মহত্যা করতে যমুনা নদীর সেতুতে গিয়েছিলেন এক প্রেমিক যুগল। তবে প্রেমিক নদীতে ঝাঁপ দেওয়ার পরপরই ঘটে গেল এক নাটকীয় ঘটনা। চোখের সামনে প্রেমিককে অথৈ জলে হাবুডুবু খেতে দেখে তাকে বাঁচানোর চেষ্টা করা তো দূরের কথা, পুলিশকে না জানিয়েই ঘটনাস্থল থেকে চম্পট দিলেন প্রেমিকা! অবশ্য স্থানীয় ডুবুরি ও পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় অলৌকিকভাবে বেঁচে গেছেন ওই যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজের নতুন যমুনা সেতুতে। পুলিশ জানিয়েছে, যমুনায় ঝাঁপ দেওয়া ওই যুবকের নাম অনু গুপ্তা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-র প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার ওই তরুণ-তরুণী একসঙ্গে নতুন যমুনা সেতুতে আসেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাদের আচরণ ও কথাবার্তা দেখে মনে হচ্ছিল তারা আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েই সেখানে এসেছেন। সেতুতে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই অনু হঠাৎ নদীতে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু প্রেমিকের এমন কা- দেখে থমকে যান পাশে থাকা প্রেমিকা। তিনি প্রেমিককে উদ্ধারের কোনো চেষ্টা না করেই উল্টো পথ ধরে সেখান থেকে দ্রুত হেঁটে পালিয়ে যান। ঘটনার পরপরই প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দিলে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। স্থানীয় দক্ষ ডুবুরিদের সহায়তায় যমুনার বুকে শুরু হয় উদ্ধার অভিযান। বেশ কিছুক্ষণ চেষ্টার পর অনু গুপ্তাকে জীবিত অবস্থায় নদী থেকে টেনে তুলতে সক্ষম হন ডুবুরিরা। উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে ওই যুবককে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ ও আশঙ্কামুক্ত আছেন। এদিকে, আত্মহত্যার চেষ্টার পেছনে আসল কারণ কী এবং প্রেমিকের ঝাঁপ দেওয়ার পরপরই কেন ওই তরুণী পালিয়ে গেলেন-তা খতিয়ে দেখতে জোর তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। নিখোঁজ তরুণীর খোঁজেও শুরু হয়েছে তল্লাশি। ঘটনার সব দিক খতিয়ে দেখে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা।



