পিস্তল উঁচিয়ে স্থানীয়দের ধাওয়া : ধরা পড়লেন ৫ জন

প্রবাহ রিপোর্ট ঃ বরগুনার তালতলী উপজেলায় একটি বাড়ি থেকে দেশীয় পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ পাঁচজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম গাবতলী গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- নড়াইল জেলার লোহাগড়া থানার কাঁঠালতলী গ্রামে আলম খানের ছেলে জিহাদ খান (৩৫); বরগুনা সদর উপজেলার আমড়াঝুড়ি গ্রামের মো. মোকলেচ মোল্লার ছেলে হৃদয় মোল্লা (২৫); একই গ্রামের শাহ আলম মল্লিকের ছেলে জামাল মল্লিক (২৭); পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া গ্রামের লিটন সিকদারের ছেলে লিমন সিকদার (২৮) ও একই গ্রামের সঞ্জয় মজুমদারের ছেলে অনিক মজুমদার (২৫)। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয় জনতা পিস্তল, চার রাউন্ড গুলিসহ পাঁচজনকে আটক করেছে। তাদের পুলিশ থানায় নিয়ে আসছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জানা যায়, তালতলীর পশ্চিম গাবতলী গ্রামের রিয়াজ কাজী তার বাসা লিমন সিকদারের কাছে ভাড়া দেন। গত রোববার (১৬ আগস্ট) ওই বাড়িতে গোপনে কয়েকজন লোক আসেন। গত তিনদিন ধরে তারা ছোটবগী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরাফেরা করছিলেন। তাদের ঘুরাফেরা ও কথাবার্তা স্থানীয়দের সন্দেহ হয়। বুধবার দুপুরে স্থানীয় জনতা লিমনের ভাড়া বাসায় যান। ওই সময় তার ঘরে অবস্থান নেওয়া জিহাদ পিস্তল উঁচিয়ে তাদের ধাওয়া করেন। পরে স্থানীয়রা জিহাদ, হৃদয়, অনিক, লিমন ও জামালকে আটক করেন। পরে তাদের দেওয়া তথ্যমতে, লিমনের বাসা থেকে চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়। খবর পেয়ে তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা আটকদের পুলিশের কাছে সোপর্দ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, লিমনের বাড়িতে গত তিনদিন ধরে কয়েকজন লোক অবস্থান করছিলেন। তারা ছোটবগী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরাফেরা করছিলেন। তাদের কথাবার্তায় সন্দেহ হলে আমরা কয়েকজন লিমনের বাড়িতে যাই। এ সময় পিস্তল নিয়ে জিহাদ আমাদের তাড়া করেন। পরে আমরা তাদের ধাওয়া করে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছি। তালতলী থানার ওসি (তদন্ত) মো. শরীফুল ইসলাম বলেন, স্থানীয়দের সহায়তায় দেশীয় একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ ওই পাঁচজনকে আটক করা হয়েছে।


