জাতীয় সংবাদ

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার, ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের ‘জরুরি’ চিঠি

প্রবাহ রিপোর্টঃ দেশের স্বাস্থ্যসেবা দেয়া প্রতিষ্ঠানগুলোয় জনবলের ঘাটতি পূরণে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের ১৩ থেকে ১৬তম গ্রেডের শূন্য পদে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ দেয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন এসব প্রতিষ্ঠানে নিয়োগে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমীর সই করা ‘অতীব জরুরি’ এক চিঠিতে সংশ্লিষ্টদের এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সব পরিচালক ছাড়াও সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং সংশ্লিষ্ট উপপরিচালক ও সহকারী পরিচালকদের ওই চিঠি পাঠানো হয়েছে।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের গত ১৪ জুলাইয়ের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে চিঠিতে বলা হয়, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সর্বাধিক সমর্থনপ্রাপ্ত দলের নির্বাচনি ইশতেহার জাতীয় পর্যায়ের প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে। সেই আলোকে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে নির্বাচনি ইশতেহার অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সব প্রতিষ্ঠানের জনবলের ঘাটতি পূরণের জন্য ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে। ফলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন সারা দেশের সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের ১৩ থেকে ১৬তম গ্রেডের শূন্য পদে জনবল নিয়োগে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।এ ক্ষেত্রে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোয় নিয়োগে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিতে সংশ্লিষ্টদের বেশকিছু নির্দেশনাও দেয়া হয়েছে। এগুলো হলো-নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা-২০১৮ অনুযায়ী পদোন্নতির মাধ্যমে বা সরাসরি নিয়োগের মাধ্যমে সব শূন্য পদে (১৩-১৬তম গ্রেড) জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের উদ্যোগ গ্রহণ করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button