ইরানে হামলায় বাংলাদেশের সমর্থন নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রবাহ রিপোর্ট ঃ ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হামলা, আগ্রাসন বা সামরিক পদক্ষেপে বাংলাদেশের কোনো সমর্থন, সম্পৃক্ততা কিংবা আহ্বান নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বাংলাদেশ শুধু হুতিদের সৃষ্ট নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সৌদি আরবকে সহায়তা দিচ্ছে বলেও জানান তিনি। বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি। বৈঠক শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, খুবই ভালো এবং সৌজন্যমূলক একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া সাম্প্রতিক পরিস্থিতি এবং দ্বন্দ্ব নিয়ে বেশ কিছু বিষয় আলোচনায় উঠে এসেছে। আমরা আবারও উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছি। এটি শুরু থেকেই আমাদের একটি ধারাবাহিক ও স্পষ্ট কূটনৈতিক অবস্থানÑযাতে মধ্যপ্রাচ্যের এই সংঘাত প্রশমিত হয়। তিনি বলেন, এখানে একটি বিষয় পরিষ্কার হওয়া প্রয়োজন। ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হামলা, আগ্রাসন বা সামরিক পদক্ষেপে বাংলাদেশের কোনো সমর্থন, সম্পৃক্ততা কিংবা আহ্বান নেই। হুতিদের সৃষ্ট নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা করতেই মূলত সৌদি আরবকে আমরা সহায়তামূলক উদ্যোগ দিয়ে যাচ্ছি এবং তারা যেন সেই চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারে, আমরা শুধু সেই চেষ্টাই করছি। হুমায়ুন কবির বলেন, মধ্যপ্রাচ্যে আমাদের বহু প্রবাসী ভাই-বোন অবস্থান করছেন। পরিসংখ্যান অনুযায়ী, পুরো মধ্যপ্রাচ্যজুড়ে আনুমানিক প্রায় ৮০ লাখ বাংলাদেশি নাগরিক বিভিন্ন দেশে কর্মরত আছেন। তাদের সার্বিক সুরক্ষা ও নিরাপত্তা রক্ষা করা আমাদের জন্য অত্যন্ত অগ্রাধিকারমূলক একটি বিষয়। কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে আমরা সব পক্ষকেই জোর আহ্বান জানিয়েছিÑতারা যেন আলোচনায় বসে এবং অত্যন্ত শান্ত ও কূটনৈতিক উপায়ে এই সংঘাত সমাধান করে; একটি স্থায়ী ও শান্তিপূর্ণ সিদ্ধান্তে পৌঁছায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইরানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বেশ পুরনো ও ঐতিহাসিক। আমরা ভবিষ্যতেও এই যৌথ সহযোগিতা বজায় রাখতে চাই। হুমায়ন কবির জানান, বৈঠকে কিছু সুনির্দিষ্ট ও গুরুত্বপূর্ণ বিষয়েও মত বিনিময় হয়েছে। যেমনÑসৌদি আরবের নেতৃত্বাধীন জোটের অধীনে নিরাপত্তা সংক্রান্ত নানা ক্ষেত্রে সহযোগিতা এবং অন্যান্য প্রতিরক্ষামূলক জোটে বাংলাদেশের যে সম্পৃক্ততা রয়েছে, সে বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে। লোহিত সাগর ও মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তা সুসংহত রাখতে সৌদি আরবকে সহায়তা করতে সমুদ্রপথের সুরক্ষায় আমরা বহু বছর ধরেই তাদের পাশে থেকে কাজ করছি। তিনি বলেন, এই পদক্ষেপটি আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কারণ সৌদি আরব দুটি পবিত্র মসজিদের রক্ষক। তাই সেখানে একটি স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার গুরুত্ব অত্যন্ত স্পষ্ট এবং ইরানও আমাদের এই অবস্থানটি খুব ভালোভাবে অনুধাবন করতে পেরেছে। হরমুজ প্রণালী নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, হরমুজ প্রণালী সম্পূর্ণ মুক্ত ও উন্মুক্ত রাখা কেবল একটি নির্দিষ্ট পক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করে না। এই অঞ্চলে বিরাজমান সংঘাতের সঙ্গে বেশ কিছু জটিল বিষয় জড়িয়ে রয়েছে এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে একাধিক পক্ষ এতে সম্পৃক্ত। তাই বিষয়টি এমন নয় যে, কেবল একটি দেশকে পৃথক বা বিচ্ছিন্ন করে সম্পূর্ণ দায় চাপিয়ে দেওয়া যাবে।



