জাতীয় সংবাদ

পশ্চিমাঞ্চল রেলওয়ের নতুন জিএম আহম্মদ হোসেন মাসুম

প্রবাহ রিপোর্ট ঃ বাংলাদেশ রেলওয়ে (পশ্চিমাঞ্চল) রাজশাহীতে মহাব্যবস্থাপক (জিএম) পদে যোগ দিয়েছেন আহম্মদ হোসেন মাসুম। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধায় পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপকের কার্য্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলানিউজকে এতথ্য জানানো হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। আহম্মদ হোসেন মাসুম বিসিএস ২১ ব্যাচের রেলওয়ে প্রকৌশল ক্যাডারের একজন সদস্য। তার আগে তিনি বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (রাজশাহী), খুলনা-মোংলা রেললাইন উপপ্রকল্প পরিচালক (ডিপিডি), পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। তার বাবা বাংলাদেশ রেলওয়ের একজন কর্মকর্তা ছিলেন। আহম্মদ হোসেন মাসুম ১৯৯৫-৯৬ সেশনে ( ৯২-এর এইচএসসি) বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি এমবিএ ডিগ্রিও অর্জন করেন। তিনি ১৯৭৫ সালের ৭ অক্টোবর গাইবান্ধার বোনারপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন। তার স্ত্রীও ২৯ বিসিএসের একজন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একজন কর্মকর্তা। তিনি তিন সন্তানের জনক। পেশাগত ব্যস্ততার বাইরেও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়া বিষয়ে উৎসাহী। গত ৬ সেপ্টেম্বর ২০২৬ রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন-৫ শাখার উপসচিব কামরুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তিন কর্মকর্তার নতুন দায়িত্ব ও পদায়নের বিষয়টি উল্লেখ করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম), রাজশাহীর মহাব্যবস্থাপক ফরিদ আহমেদের স্থলে একই দপ্তরের প্রধান প্রকৌশলী (পশ্চিম) আহম্মদ হোসেন মাসুমকে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপকের দায়িত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button