জাতীয় সংবাদ

এইচএসসি থেকেই চালু অন্তর্বর্তী পরীক্ষা : সুযোগ পাবে অনুত্তীর্ণরা

প্রবাহ রিপোর্ট ঃ চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অনুত্তীর্ণদের নিয়ে অন্তর্বর্তী পরীক্ষা চালু করতে যাচ্ছে সরকার। এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তিন মাসের মধ্যে অন্তর্বর্তী পরীক্ষা নেওয়ার বিষয়ে মতামত দিয়েছেন বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অনুত্তীর্ণদের অন্তর্বর্তী বা পুনঃপরীক্ষার বিষয়ে সোমবার (১২ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডে সভা অনুষ্ঠিত হয়। সভায় বোর্ড চেয়ারম্যানরা চলতি বছরের এইচএসসি থেকে অন্তর্বর্তী পরীক্ষা চালু করতে পারবেন বলে মত দিয়েছেন। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বাংলানিউজকে বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে জানতে চেয়েছে তিন মাসের মধ্যে পুনঃপরীক্ষা নিতে পারব কি না? আমরা বলেছি সম্ভব। আমরা পুনঃপরীক্ষা নেওয়ার পক্ষে মত দিয়েছি। বোর্ড চেয়ারম্যান বলেন, আগামী ২৫-২৯ নভেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব করা হয়েছে। ফলাফল প্রকাশের পর এবারের এইচএসসি থেকে আমরা এটা চালু করতে পারব। এবারের এইচএসসি থেকে চালু হলে এটা রেগুলার হয়ে যাবে। এসএসসি থেকে পুনঃপরীক্ষা চালুর প্রসঙ্গ এলেও যেহেতু এবার কলেজে ভর্তি কার্যক্রম প্রায় শেষ হয়েছে, সে কারণে সম্ভব নয় বলে জানান বোর্ড চেয়ারম্যান। ঢাকা শিক্ষা বোর্ড সূত্র জানায়, আজকের সভায় শিক্ষা মন্ত্রণালয় মতামত নিয়েছে। পুনঃপরীক্ষা কেমন হবে, কতজন পরীক্ষার্থী হবে, কতটি বিষয়ে পুনঃপরীক্ষাÑএসব নিয়ে আলোচনা হয়েছে। কতটি বিষয়ে পুনঃপরীক্ষা নেওয়া হবে, সভায় এ বিষয়ে আলোচনা এলে প্রথমে বাংলা এবং ইংরেজি বিষয়ে পুনঃপরীক্ষা নেওয়ার প্রসঙ্গে আসে। পরে অন্যান্য বিষয়েও আলোচনা হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বলেন, বোর্ড চেয়ারম্যানরা পুনঃপরীক্ষার মতামত দিয়েছেন। সেটি শিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত করবে। গত ১০ অক্টোবর রাজধানীতে আয়োজিত ‘চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন তিন মাসের মধ্যে পরীক্ষা নেওয়ার উদ্যোগের কথা জানান। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে বৈঠক ডাকা হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button