জাতীয় সংবাদ

জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর

প্রবাহ রিপোর্ট : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের রাজধানীর উত্তরার বাসায় ভাঙচুর হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১০ টার দিকে একদল লোক মিছিল নিয়ে গিয়ে ভাঙচুর করেন বলে অভিযোগ করেন জিএম কাদের নিজেই।
তিনি বলেন, সকাল সাড়ে ১০ টার দিকে একদল লোক মিছিল নিয়ে এসে আমার বাসার সামনে হইচই শুরু করে। সেখান আমার নাম ধরে বিভিন্ন ধরনের স্লোগান দেয়। বাড়ির গেট বন্ধ থাকায় তারা ভেতরে ঢুকতে পারেনি। বাইরে থেকে বাসায় ঢিল ছোড়া শুরু করেন। এতে বাড়ির সামনের জানালাসহ বিভিন্ন কাচ ভেঙে যায়।
জি এম কাদেরে বলেন, পরে পুলিশ ও অন্যান্য লোকজন আসায় মিছিলকারীরা চলে যায়। কেন হঠাৎ করে এই হামলা তা আমি জানি না। হামলাকারীরা আমাকে ভারতের ও আওয়ামী লীগের দালাল বলাসহ বিভিন্ন গালিগালাজ করেছে।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, এ হামলা কারা ঘটিয়েছে বা কারা এর সঙ্গে জড়িত তা এখনো সনাক্ত করা যায়নি। তবে, বাসা লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এ বিষয়ে আমরা কাজ করছি, এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার রেজাউল করিম বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা চলে যান।হামলাকারীরা কারা তা শনাক্তের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button