পাবনায় এলোপাতাড়ি গুলিতে হাট ইজারাদারসহ নিহত ২

প্রবাহ রিপোর্ট : পাবনার আতাইকুলায় হাটের ইজারা নিয়ে প্রতিপক্ষের এলোপাতাড়ি গুলিতে ইজারাদারসহ ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে আতাইকুলার পুষ্পপাড়া হাটে এ ঘটনা ঘটে। জেলা পুলিশ সুপার আবু আশ্রাফ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- পুষ্পপাড়া হাটের ইজারাদার আব্দুস সালাম হাজী (৫৫) ও তার সহযোগী রিপন হোসেন (৫০)। তারা আতাইকুলা থানার ধর্মগ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আতাইকুলার পুষ্পপাড়া হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় হাটের বর্তমান ইজারাদার আব্দুস সালাম হাজী সহযোগীদের নিয়ে হাটে থাকা নিজের অফিস কক্ষে বসে ছিলেন। ওই সময় কয়েকজন লোক মুখোশ পরা অবস্থায় এসে তাদের উপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সালাম হাজী ও তার সহযোগী রিপনকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, প্রাথমিকভাবে জানা গেছে— হাটের ইজারা নিয়ে দুই পক্ষের বিরোধ ছিল। এর জের ধরেই প্রতিপক্ষের লোকজনদের উপর গুলিবর্ষণ করা হয়। এতে দুইজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার তদন্ত চলছে। কারা এ হত্যাকা-ের সঙ্গে জড়িত, তাদের খুঁজে বের করা হবে। এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
