জাতীয় সংবাদ

সাজেকে আধিপত্য বিস্তারে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি

প্রবাহ রিপোর্ট ঃ সাজেকে আধিপত্য বিস্তারে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট(ইউপিডিএফ) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কলাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। গোলাগুলির ঘটনায় স্থানীয়রা জানান, উভয় পক্ষের মধ্যে থেমে থেমে গোলাগুলি চলতে থাকে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন গোলাগুলির বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকাটি দুর্গম হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী সেখানে পৌঁছাতে সময় লাগছে। তবে এখনও হতাহতের খবর পাওয়া যায় নি। এদিকে টানা অবরোধে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট মোকাবিলায় রোববার একদিনের জন্য সড়ক অবরোধ শিথিলের ঘোষণা দিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও কারবারি অ্যাসোসিয়েশন। এ সময়ে খাদ্যপণ্য ও জরুরি সামগ্রী পরিবহনের পাশাপাশি বৌদ্ধ ভিক্ষুদের ধর্মীয় উৎসবে যাতায়াতের সুযোগ দেওয়া হবে। তবে সোমবার থেকে আবারও অবরোধ চলবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। সাজেক থেকে পিসিজেএসএসের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়াসহ পাঁচ দফা দাবিতে গত ২২ অক্টোবর থেকে তৃতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ চলছে। এর আগে ২৬ অক্টোবর প্রশাসনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে আন্দোলনকারীদের প্রায় তিন ঘণ্টা বৈঠক হলেও পাঁচ দফা দাবির একটিতে সমঝোতা না হওয়ায় কাটেনি অচলাবস্থা। দীর্ঘদিনের অবরোধে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। বন্ধ রয়েছে পর্যটনকেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম। খাদ্য ও ওষুধের সংকটের পাশাপাশি বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। এর মধ্যে নতুন করে দুই পক্ষের গোলাগুলির ঘটনায় পাহাড়ি জনপদে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button