টিকটকে ভিডিও রিলস নিয়ে বিরোধে ২ গোষ্ঠীর সংঘর্ষ : আহত ২০

প্রবাহ রিপোর্ট ঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় টিকটকে ভিডিও রিলস নিয়ে বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে আশুগঞ্জ বাজারে আবিরপাড়া গোষ্ঠী ও নাকরপাড়া গোষ্ঠীর লোকজনদের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষ হয়। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে পুরো বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশুগঞ্জের দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর গ্রামের আবিরপাড়া গোষ্ঠীর সিয়াম ও ফাহাদ এবং নাকরপাড়া গোষ্ঠীর আরিফ ও বক্কর চার বন্ধু। গেল বৃহস্পতিবার টিকটকে ভিডিও রিলস নিয়ে সিয়াম ও ফাহাদের সঙ্গে আরিফ ও বক্করের কথা কাটাকাটি হয়। এর জেরে শুক্রবার উভয় পক্ষের লোকজনদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরে গতকাল শনিবার বিষয়টি মীমাংসা করতে আশুগঞ্জ বাজারে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সেখানে বিষয়টি মীমাংসা হয়। কিছুক্ষণ পরে উভয়পক্ষ আবারও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় বাজারের দোকানপাট। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ব্যক্তিবর্গ চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, টিকটক ভিডিও রিলস নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে বলে জানতে পেরেছি। পুলিশ দ্রুত সময়ের মধ্যে সংঘর্ষ থামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষই লিখিত অভিযোগ করেনি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন।



