চাপ ছাড়াই টিউবওয়েল থেকে বের হচ্ছে পানি : জ্বলছে আগুন

প্রবাহ রিপোর্ট ঃ লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় চাপ ছাড়াই একটি টিউবওয়েল থেকে অনবরত পানি বের হচ্ছে। সেইসঙ্গে টিউবওয়েলটির মুখে আগুন জ্বলতে দেখা যায়। ঘটনাটি উপজেলার চরগাজী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামের আদর্শ রুপালি কলোনীতে। গত দুই মাস আগে মো. আবদ্ল্লুাহ নামের এক বাসিন্দা ওই টিউবওয়েলটি বসিয়েছেন। এক সপ্তাহ ধরে চাঞ্চল্যকর ওই ঘটনাটি ঘটছে। আবদ্ল্লুাহ জানান, বসতঘরের সামনে দুই মাস আগে একটি টিউবওয়েলটি স্থাপন করেন। স্থাপনের পর থেকে চাহিদা অনুযায়ী পানি উঠছিল না। পরে টিউবওয়েলটি স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়ার আগেই হঠাৎ একসপ্তাহ ধরে টিউবওয়েলের নীচ থেকে আপনা-আপনি পানি ওঠা শুরু করে। এছাড়া পানির সঙ্গে আগুনও জ্বলতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, টিউবওয়েল থেকে আপনা-আপনি পানি ও আগুন বের হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্টদের খতিয়ে দেখা প্রয়োজন। রামগতি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. তানভীরুল ইসলাম বলেন, শুকনো মৌসুমে সাধারণত পানির স্তর খুব নীচে চলে যায়। আর বর্ষা মৌসুমে বেশি বৃষ্টির কারণে পানির স্তর উপরে চলে আসে। ওই সময় নীচ থেকে পানির একটা চাপ তৈরি হয়। ফলে চাপ ছাড়াই টিউবওয়েল থেকে পানি উপরে চলে আসে। তবে পানির সঙ্গে আগুন বের হওয়ার কারণ খতিয়ে দেখে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ঘটনাটি খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।



