মিষ্টি ভেবে বোমা খেয়ে একজন নিহত

প্রবাহ রিপোর্ট ঃ ভারতে মিষ্টি মনে করে বোমা খেয়ে একজন নিহত হয়েছেন। শুক্রবার পুলিশ এ খবর নিশ্চিত করেছে। ঘটনাটি গত মঙ্গলবারের। ঘটনার সময় রাজেন্দ্র বারৌটিয়া নামের এক তরুণ ভারতে মধ্যপ্রদেশের দিন্ডোরি জেলার এক গ্রামে কয়েকজন গ্রামবাসীর সঙ্গে আগুনের পাশে বসে ছিলেন। তখন গ্রামের এক ব্যক্তি তাকে মিষ্টিসদৃশ কিছু খেতে দেন। ৩৫ বছর বয়সী রাজেন্দ্র মিষ্টি ভেবে তা খেয়ে ফেলেন। কিন্তু মিষ্টির মতো দেখালেও তা আসলে ছিল ঘরে বানানো বোমা। পুলিশ কর্মকর্তা রেখা সিং এএফপিকে জানান, এলাকার কিছু আদিবাসী মানুষ বুনো শূকর মারতে এ ধরনের বোমা ব্যবহার করে। সেরকম একটা বোমাই ওই ব্যক্তিকে দেওয়া হয়েছিল এবং সেটা তার মুখেই বিস্ফোরিত হয়। গুরুতর আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হলেও রাজেন্দ্রকে আর বাঁচানো যায়নি। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অনিচ্ছাকৃত নরহত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে রেখা সিং বলেন, কাউকে হত্যা করা তাদের উদ্দেশ্য ছিল, নাকি সেটা নিছক দুষ্টুমি ছিল, তা এখনো জানা যায়নি। বিষয়টি এখনো তদন্তাধীন। ভারতের মধ্যপ্রদেশের কিছু অঞ্চলে গ্রামের কিছু মানুষ বুনো শূকর মারতে আতশবাজি কিংবা পাথর খনি থেকে সংগ্রহ করা বারুদ আটার গোলার ভেতরে দিয়ে এক ধরনের বিস্ফোরক তৈরি করে। আকারে রসগোল্লার মতো সেই বিস্ফোরকই মিষ্টি ভেবে খেয়ে ফেলেছিলেন রাজেন্দ্র বারৌটিয়া।



