‘ভূমি অফিসে এলে সাংবাদিকদের বেঁধে পেটাব’ : কর্মকর্তার হুমকি

প্রবাহ রিপোর্ট ঃ ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’-এমন হুমকিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামের বিরুদ্ধে। জমির খারিজসংক্রান্ত সাধারণ তথ্য জানতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার, গালিগালাজ, আটকে রাখার চেষ্টা এবং শারীরিকভাবে হেনস্তার হুমকি দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিকেরা। ঘটনার ভিডিওতে নায়েবকে এমন হুমকিমূলক বক্তব্য দিতে শোনা গেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টার দিকে আজকের পত্রিকার মাল্টিমিডিয়া সাংবাদিক অনিক খান তার বাবার জমির খারিজসংক্রান্ত তথ্য জানতে সদর পৌর ভূমি অফিসে গেলে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জানান, এ সময় নায়েব আবুল কালামকে চায়ের আড্ডায় ব্যস্ত দেখতে পান তিনি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর বিকেল ৩টার দিকে নায়েব অফিস থেকে বের হয়ে চলে যাওয়ার সময় অনিক খান তাকে ডেকে প্রয়োজনীয় তথ্য জানতে চান। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন নায়েব। অভিযোগ অনুযায়ী, এ সময় অফিসের কর্মচারীদের ডেকে অনিক খানকে ভেতরে রেখে মূল ফটক বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন আবুল কালাম। তার সঙ্গে থাকা নাগরিক টিভির মাল্টিমিডিয়া রিপোর্টার ফরহাদ, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার আলাদিন সানি ও সাংবাদিক ফরিদুজ্জামান শান্ত এর প্রতিবাদ করলে তাদের উদ্দেশে ‘মাস্তানি করতে আইছস’ বলে মন্তব্য করেন তিনি। এ সময় সাংবাদিকদের বেঁধে পেটানো এবং জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকিও দেন নায়েব। ঘটনার ভিডিওতে তাকে এ ধরনের হুমকিমূলক বক্তব্য দিতে শোনা যায় বলে জানিয়েছেন সাংবাদিকেরা। সরকারি দপ্তরে তথ্য চাইতে গিয়ে একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। জমির খারিজের তথ্য জানতে চাইলে নায়েব আবুল কালাম বলেন, ‘এখানে কোনো মার্ডার হয়নি, কিসের তথ্য দেব? এখানে কি কোনো মার্ডার হয়েছে? তথ্য চাইলে ডিসি অফিসে আবেদন করে আসবেন।’ অনিক খান বলেন, নতুন জরিপের কাজে তার বাবার জমির খারিজসংক্রান্ত তথ্য প্রয়োজন। সাধারণ ভূমিসেবা ও জমির তথ্য পেতেও যদি তথ্য অধিকার আইনে আবেদন করতে হয়, তাহলে সাধারণ মানুষ কীভাবে সহজে সরকারি সেবা পাবেন? একাধিক সূত্র জানায়, এ ধরনের ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও এই নায়েবের বিরুদ্ধে সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিকভাবে হেনস্তার অভিযোগ উঠেছে। এশিয়ান টেলিভিশনের ময়মনসিংহ জেলা প্রতিনিধি মো. আবুল মনসুর অভিযোগ করেন, কয়েক দিন আগে আহমেদ ঘোষের লেনদেনসংক্রান্ত অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবুল কালাম তার মোবাইলফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলেন এবং তাকে শারীরিকভাবে হেনস্তা করেন। এ বিষয়ে নায়েব আবুল কালাম বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে। প্রথমে তাদের চিনতে পারিনি।’ ঘটনার প্রতিকার চাইতে সাংবাদিকেরা ময়মনসিংহ সদর উপজেলা ভূমি সহকারী কমিশনার মো. জাকারিয়া হোসেনের কার্যালয়ে যান। অভিযোগ রয়েছে, এ সময় তিনি অভিযুক্ত নায়েবকে সঙ্গে নিয়ে কার্যালয়ে তালা লাগিয়ে সেখান থেকে চলে যান। সাংবাদিকদের হেনস্তার বিষয়ে জানতে চাইলে জাকারিয়া হোসেন বলেন, ‘শুনেছি বহিরাগতদের সঙ্গে নায়েবের কথা-কাটাকাটি হয়েছে। সেখানে সাংবাদিক ছিলেন কি না, তা আমার জানা নেই।’ সাংবাদিকদের সঙ্গে এমন আচরণের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি আপনারা নিজেরাই মীমাংসা করে ফেলেন। এখানে আমাকে অযথা জড়াবেন না।’ সরকারি ভূমি অফিসে সেবা নিতে গিয়ে নাগরিকদের হয়রানি এবং তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের হুমকির এমন অভিযোগে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, ভিডিওতে থাকা বক্তব্য যাচাই এবং অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এদিকে, ঘটনার ভিডিও জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমানের মোবাইলফোনে পাঠিয়ে তাকে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার বিষয়টি জেলা প্রশাসন খতিয়ে দেখছে। অপরদিকে, ঘটনার ভিডিও বিশ্লেষণ এবং প্রাসঙ্গিক বিষয়গুলো তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ময়মনসিংহ প্রেসক্লাবের নেতারাসহ সব সাংবাদিক সংগঠনের সদস্যরা।



