জাতীয় সংবাদ

পিরোজপুরে বিএনপির ২ নেতার বাড়ি ও কার্যালয়ে ভাঙচুর-আগুন

প্রবাহ রিপোর্ট ঃ পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুই নেতার বাড়ি ও দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, বিএনপি দলীয় কার্যালয়ের আসবাবপত্র ও টিনের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ‎রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া এলাকা থেকে আওয়ামী লীগের আনুমানিক ৩০০ থেকে ৪০০ নেতাকর্মী একটি মিছিল নিয়ে উত্তর ঝনঝনিয়া টাওয়ারের মোড়ে আসে। এ সময় তারা মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সুমন তালুকদারের (৫৪) বাড়ির গেটের সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে তার বসতবাড়ির একটি থাই গ্লাস ভেঙে যায়। ‎পরে মিছিলকারীরা টাওয়ারের মোড়সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ‎এ ছাড়া মালিখালী ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মো. মোতালেব হোসেনের (৬৫) দলীয় কার্যালয়েও হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। হামলাকারীরা কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে বাইরে বের করে আগুন ধরিয়ে দেন। একই সঙ্গে অফিস ঘরের টিন কুপিয়ে ক্ষতিসাধন করেন বলে জানা যায়। এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খাঁন বলেন, গত ১৭ বছরের আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করেছে, বাকি যেটুকু ছিল তাও ধ্বংস করার চেষ্টা করছে। আজ নাজিরপুর উপজেলার মালিখালি ইউনিয়নে আওয়ামী লীগের লোকজন বিএনপির দুটি অফিস ভাঙচুর করেছে। এই অপর্কমের প্রতিবাদে আগামীকাল ৩টায় নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের সাঁচিয়া বাজারে প্রতিবাদ সমাবেশ করবো। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগ নেতাকর্মী কর্তৃক নাজিরপুরের মালিখালী ইউনিয়নে দুই নেতার ব্যবসা, বাড়ি ও বিএনপির অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে ভুক্তভোগীরা এখনও কোনো অভিযোগ করেনি। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button