জাতীয় সংবাদ

শিবচরে মাইক্রোবাসে তুলে নারীকে মারধর : ১৬ লাখ টাকা ছিনতাই

প্রবাহ রিপোর্ট ঃ মাদারীপুরের শিবচরে ব্যাংক থেকে ১৬ লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথে হাসিনা বেগম (৫২) নামে এক নারীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে মারধর ও হাত-পা বেঁধে নির্জন স্থানে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তার সঙ্গে থাকা ১৬ লাখ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের সাতভাগিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে একই দিন সন্ধ্যা ৭টার দিকে শিবচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। হাসিনা বেগম উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের পূর্ব মির্জারচর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আবুল কালাম মাদবরের স্ত্রী। অভিযোগ সূত্রে জানা যায়, পূবালী ব্যাংকের শিবচর শাখা থেকে ১৬ লাখ টাকা উত্তোলন করে মেয়েকে সঙ্গে নিয়ে ভ্যানে বাড়ির উদ্দেশে রওনা হন হাসিনা বেগম। পথে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি ভ্যানে ওঠেন। পরে ভ্যানটি কুমেরপাড় স্ট্যান্ড এলাকায় পৌঁছালে তাঁর মেয়ে নেমে যান। এরপর হাসিনা বেগম বাড়ির দিকে যাওয়ার সময় সাতভাগিয়া মুন্সিবাড়ি-সংলগ্ন সড়কে পৌঁছালে একটি সাদা মাইক্রোবাসে থাকা ৪ থেকে ৫ জন ব্যক্তি তাঁকে ইয়াবা ব্যবসায়ী আখ্যা দিয়ে জোরপূর্বক গাড়িতে তুলে নেন। এ সময় তার চোখ বেঁধে দেওয়া হয়। পরে মাইক্রোবাসটি শিবচরের পাঁচ্চরের দিকে রওনা হয়। অভিযোগে বলা হয়, একপর্যায়ে দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। পরে তার চোখ-মুখ ও হাত-পা বেঁধে ফরিদপুরের ভাঙ্গা থানাধীন রেলস্টেশনের পাশের একটি নির্জন স্থানে ফেলে রেখে যায়। এ সময় তারা ১৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় বাড়িতে ফেরেন হাসিনা বেগম। স্বজনদের সঙ্গে আলোচনা করে সন্ধ্যায় শিবচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত, লুণ্ঠিত টাকা উদ্ধার এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button