জাতীয় সংবাদ

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি ইরানের : মুখ খুলল সেন্টকম

প্রবাহ রিপোর্ট ঃ পারস্য উপসাগরের আকাশে নিজেদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার হামলায় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের সেনাবাহিনী। এতে বিমানটির পাইলটকে অভিযান বাতিল করে মধ্যপ্রাচ্যের একটি বিমানঘাঁটিতে জরুরি অবতরণ করতে হয়েছে বলে জানিয়েছে তেহরান। তবে ইরানের এ দাবি সরাসরি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২০ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। হরমুজ প্রণালি ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়তে থাকার মধ্যেই এ দাবি সামনে এলো। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর জানায়, দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পারস্য উপসাগরের আকাশে উড়তে থাকা যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান শনাক্ত করে। পরে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী বিমানটির গতিবিধি অনুসরণ করে সেটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। বিবৃতিতে দাবি করা হয়, ক্ষেপণাস্ত্রটি যুদ্ধবিমানের কাছাকাছি বিস্ফোরিত হয় এবং এতে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। ফলে পাইলটকে অভিযান বাতিল করে ওই অঞ্চলের নিকটবর্তী একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হতে হয়। তবে বিমানটি ঠিক কোথায় অবতরণ করেছে, তা জানায়নি ইরানের সেনাবাহিনী। ইরানের এ দাবির পর তা সরাসরি প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে দাবিটিকে ‘মিথ্যা’ বলে আখ্যা দেয়। বিবৃতিতে বলা হয়, ‘দাবি: ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, গতকাল তারা যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু করে ক্ষতিগ্রস্ত করেছে এবং পাইলটকে জরুরি অবতরণে বাধ্য করেছে। এটি সম্পূর্ণ মিথ্যা। বাস্তবতা হলো, গতকাল ইরান যুক্তরাষ্ট্রের কোনো এফ-১৬ যুদ্ধবিমানে হামলা চালায়নি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব সামরিক যুদ্ধবিমান নিরাপদ রয়েছে এবং সেগুলোর অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য রয়েছে।’ এদিকে, হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার চালকবিহীন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে আইআরজিসি। তাদের দাবি, এ নিয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৫৮টি ড্রোন ধ্বংস করেছে ইরান। আইআরজিসি জানায়, তাদের মহাকাশ বাহিনী নতুন একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি শনাক্ত, অনুসরণ ও লক্ষ্যবস্তুতে পরিণত করে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে আকাশপথে চলাচল পর্যবেক্ষণের সময় ড্রোনটিকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এদিকে, সর্বশেষ এসব দাবির মধ্যেই আইআরজিসির মহাকাশ বাহিনীর পরিচালিত ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলোর একটি পরিদর্শন করেছেন বাহিনীর প্রধান মেজর জেনারেল আহমদ ওয়াহিদি। সূত্র: এনডিটিভি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button