সুলতান’স ডাইনসহ ২৯ রেস্তোরাঁর ৩ কোটি টাকার বিক্রি গোপন: এনবিআর

প্রবাহ রিপোর্ট ঃ অনলাইনে প্রায় ৭ কোটি টাকার খাবার বিক্রি করলেও ভ্যাট রিটার্নে দেখানো হয়েছে মাত্র ৪ কোটি টাকা। অর্থাৎ প্রায় ৩ কোটি টাকার বিক্রির তথ্য গোপন করেছে সুলতান’স ডাইনসহ ২৯টি রেস্তোরাঁ। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থাটির নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (মূল্য সংযোজন কর) বিশেষ অনুসন্ধান চালিয়ে এ অনিয়ম উদ্ঘাটন করেছে। মূসক গোয়েন্দা অধিদপ্তরের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, ফুডপান্ডা, ফুডি ও পাঠাও ফুডÑএই তিনটি ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে অনুসন্ধান করা ২৯টি রেস্তোরাঁর মোট অনলাইন বিক্রির পরিমাণ ৬ কোটি ৯২ লাখ ৬১ হাজার ৯১৫ টাকা। অথচ সংশ্লিষ্ট মাসের ভ্যাট রিটার্নে ডাইন-ইন, পার্সেল ও অনলাইনসহ সব ধরনের বিক্রি মিলিয়ে প্রতিষ্ঠানগুলো দেখিয়েছে মাত্র ৩ কোটি ৯৬ লাখ ৯৬ হাজার ১২৫ টাকা। এ হিসাবে ভ্যাট রিটার্নে দেখানো বিক্রির তুলনায় অনলাইন বিক্রির পরিমাণই ২ কোটি ৯৫ লাখ ৬৫ হাজার ৭৯০ টাকা বেশি। অর্থাৎ অনলাইন বিক্রির হিসাবের তুলনাতেই প্রায় ৩ কোটি টাকার বিক্রির তথ্য গোপন করা হয়েছে। যেভাবে বিক্রির তথ্য গোপন ঃ তদন্ত প্রতিবেদনে বলা হয়, বাজার সমীক্ষা অনুযায়ী একটি রেস্তোরাঁর মোট বিক্রির সর্বোচ্চ ১০ শতাংশ আসে অনলাইনে। বাকি ৯০ শতাংশ বিক্রি হয় সরাসরি আউটলেটে। অথচ ভ্যাট রিটার্নে অনলাইন, ডাইন-ইন ও পার্সেলসহ সব ধরনের বিক্রির হিসাব দেখানোর বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে, প্রতিষ্ঠানগুলো শুধু অনলাইনে হওয়া বিক্রির পরিমাণের তুলনায়ও কম বিক্রি দেখিয়েছে। ফলে সরাসরি আউটলেটে হওয়া বিক্রির বড় অংশসহ অনলাইন বিক্রিরও একটি অংশ হিসাবের বাইরে রাখা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শীর্ষ রেস্তোরাঁগুলোর বিক্রির হিসাব ঃ অনুসন্ধানে পিৎজা বার্গের নয়টি শাখায় অনলাইন বিক্রি পাওয়া গেছে ২ কোটি ১০ লাখ ৪৪ হাজার ৩১ টাকা। বিপরীতে ভ্যাট রিটার্নে মোট বিক্রি দেখানো হয়েছে ১ কোটি ২৬ লাখ ৩৮ হাজার ৪০ টাকা। অর্থাৎ অনলাইন বিক্রির তুলনাতেই ৮৪ লাখ ৫ হাজার ৯৯১ টাকার বিক্রির তথ্য গোপন রয়েছে। বার্গার এক্সপ্রেসের বনানী শাখায় অনলাইন বিক্রি ছিল ২৯ লাখ ৩৮ হাজার টাকা। অথচ ভ্যাট রিটার্নে দেখানো হয়েছে মাত্র ২ লাখ ৪২ হাজার টাকা। এ শাখায় বিক্রির ব্যবধান ২৬ লাখ ৯৬ হাজার টাকা। এ ছাড়া কলাবাগান, মিরপুর, মোহাম্মদপুর ও বেইলি রোড শাখাসহ প্রতিষ্ঠানটির পাঁচটি শাখায় মোট ৯৭ লাখ ৮৩ হাজার টাকার বেশি বিক্রির তথ্য গোপনের চিত্র পাওয়া গেছে। সুলতান’স ডাইনের গুলশান, মিরপুর, সিলেট ও চট্টগ্রাম শাখায় অনলাইন বিক্রি ছিল ১ কোটি ৮১ লাখ ৭৫ হাজার টাকার বেশি। বিপরীতে ভ্যাট রিটার্নে বিক্রি দেখানো হয়েছে ১ কোটি ৩১ লাখ ৭০ হাজার টাকা। এতে ৫০ লাখ ৪ হাজার ৯৭৮ টাকার বিক্রির ব্যবধান পাওয়া গেছে। লালবাগ বিরিয়ানি হাউসের ধানমন্ডি শাখায় অনলাইন বিক্রি ছিল ১৪ লাখ ৮ হাজার টাকা। অথচ ভ্যাট রিটার্নে মোট বিক্রি দেখানো হয়েছে মাত্র ১ লাখ ২০ হাজার টাকা। এতে ১২ লাখ ৮৮ হাজার ৩৬৭ টাকার বিক্রির তথ্য গোপনের চিত্র উঠে এসেছে। এ ছাড়া চিলক্সের বনানী, মোহাম্মদপুর ও খিলগাঁও শাখায় মোট ২৬ লাখ ৩ হাজার ৬০১ টাকার বিক্রির তথ্য গোপনের প্রমাণ পেয়েছে অনুসন্ধানকারী সংস্থা। হাজারো রেস্তোরাঁয় অনুসন্ধানের সুযোগ ঃ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফুডপান্ডা, ফুডি ও পাঠাও ফুড-এই তিনটি প্ল্যাটফর্মে দেশে প্রায় ৬ থেকে ৭ হাজার ইউনিক রেস্তোরাঁ রয়েছে। মাত্র ২৯টি রেস্তোরাঁর এক মাসের হিসাব পর্যালোচনা করেই প্রায় ৩ কোটি টাকার বিক্রির তথ্য গোপনের চিত্র পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এসব প্ল্যাটফর্মে যুক্ত হাজার হাজার রেস্তোরাঁর গত কয়েক বছরের প্রকৃত বিক্রির হিসাব পর্যালোচনা করা হলে সরকারের রাজস্ব ক্ষতির পরিমাণ শত শত কোটি টাকা হতে পারে।
