স্থানীয় সংবাদ

পূর্বাঞ্চলের প্রতিষ্ঠাতা সম্পাদক আলহাজ¦ লিয়াকত আলীর ১১তম মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার ঃ ২৮ নভেম্বর। কিংবদন্তি সাংবাদিক, উন্নয়নচিন্তক, সংগঠক ও সদা হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব দৈনিক পূর্বাঞ্চলের প্রতিষ্ঠাতা সম্পাদক আলহাজ¦¦ লিয়াকত আলীর ১১তম মৃত্যুবার্ষিকী। ২০১৫ সালের এই দিনে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে আকস্মিকভাবে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। কয়েক দিন জ্বরে ভোগার পর তাঁর এই আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছিল সাংবাদিকতা অঙ্গনসহ বৃহত্তর খুলনার সর্বস্তরের মানুষের মধ্যে। দেখতে দেখতে ১১ বছর পেরিয়ে গেছে। কিন্তু খুলনার সাংবাদিকতা, উন্নয়ন আন্দোলন এবং জনস্বার্থের নানা উদ্যোগে তাঁর অনুপস্থিতি আজও গভীরভাবে অনুভূত হয়। সময়ের ব্যবধানে তাঁর স্মৃতি আরও উজ্জ্বল হয়েছে, অথচ তাঁর রেখে যাওয়া শূন্যতা পূরণ হয়নি। পঞ্চাশ বছরের বেশি সময়ের বর্ণাঢ্য সাংবাদিকতা জীবন ছিল তাঁর কর্ম, মেধা, নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের এক অনন্য দৃষ্টান্ত। সাংবাদিক হিসেবে যেমন ছিলেন সাহসী ও অনুসন্ধিৎসু, সম্পাদক হিসেবেও ছিলেন দূরদর্শী। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকতা ও প্রযুক্তিকে স্বাগত জানিয়েছেন সব সময়। নিজেকে প্রতিনিয়ত সমৃদ্ধ করার পাশাপাশি সংবাদপত্রকেও এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। তাঁর প্রগতিশীল চিন্তা, সাংগঠনিক দক্ষতা ও অক্লান্ত পরিশ্রমের ফসল দৈনিক পূর্বাঞ্চল। একটি আঞ্চলিক সংবাদপত্রকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যাওয়ার পাশাপাশি জাতীয় সংবাদমাধ্যমের অঙ্গনেও পত্রিকাটিকে স্বতন্ত্র পরিচিতি দিতে সক্ষম হয়েছিলেন তিনি। সম্পাদক পরিচয়ের বাইরেও সাংবাদিকতা পেশায় তিনি ছিলেন অনেকের শিক্ষকতুল্য। তাঁর কাছ থেকে নতুন প্রজন্মের সাংবাদিকেরা পেয়েছেন পেশাগত দিকনির্দেশনা, শিখেছেন সংবাদপত্রের দায়িত্বশীলতা ও মানুষের প্রতি দায়বদ্ধতার পাঠ। সহকর্মীদের কাছে তিনি ছিলেন অভিভাবক, অনুজদের কাছে অনুসরণীয় ব্যক্তিত্ব। তাঁর ব্যক্তিত্বের বিশেষ বৈশিষ্ট্য ছিল কঠোরতা ও কোমলতার অপূর্ব সমন্বয়। সদা হাস্যোজ্জ্বল মুখ, অমায়িক ব্যবহার এবং প্রজ্ঞাপূর্ণ কথাবার্তায় সহজেই মানুষের মন জয় করতে পারতেন। পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি সদ্ব্যবহারের পাশাপাশি শিশুদের প্রতিও ছিল তাঁর গভীর স্নেহ। সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা এবং পেশাগত প্ল্যাটফর্মকে শক্তিশালী করার ক্ষেত্রেও তাঁর অবদান স্মরণীয়। খুলনা বিভাগের সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে খুলনা বিভাগীয় প্রেসক্লাব গঠনের অন্যতম উদ্যোক্তা ছিলেন তিনি। ঢাকা থেকে দৈনিক জনবাণী এবং খুলনা থেকে ইংরেজি দৈনিক দি ডেইলি ট্রিবিউন প্রকাশের সঙ্গেও যুক্ত ছিলেন। ঘাত-প্রতিঘাত, প্রতিকূলতা ও নানা চ্যালেঞ্জ পেরিয়ে নিজস্ব মেধা ও পরিশ্রমে সংবাদপত্র প্রকাশনাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা পেয়েছিলেন তিনি। আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ থাকলেও মাটির টান তাঁকে বারবার দেশে ফিরিয়ে এনেছে। একটানা ছয় মাসও সেখানে থাকেননি। জন্মভূমি, শেকড়, পরিবার ও মানুষের প্রতি তাঁর ভালোবাসা ছিল গভীর। দেশের বাইরে থেকেও যেন মন পড়ে থাকত প্রিয় খুলনায়। বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণের অভিজ্ঞতা তাঁর চিন্তাকে করেছে আরও উদার ও বিশ্বজনীন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি সব সময় খুলনাকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখেছেন। বৃহত্তর খুলনার উন্নয়ন ছিল তাঁর চিন্তা, লেখনী ও সাংগঠনিক কর্মকা-ের অন্যতম প্রধান বিষয়। খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিকেল কলেজ, ওয়াসা প্রতিষ্ঠা, রূপসা সেতু, আধুনিক রেলস্টেশন, বিভাগীয় স্টেডিয়াম ও বিমানবন্দর নির্মাণসহ এ অঞ্চলের গুরুত্বপূর্ণ উন্নয়ন দাবিগুলো তিনি পত্রিকার পাতায় ধারাবাহিকভাবে তুলে ধরেছেন। শুধু দাবি উত্থাপনেই সীমাবদ্ধ থাকেননি; রাজনৈতিক দলের স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এসব দাবি পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের সংকট, একের পর এক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া এবং শ্রমিকদের বঞ্চনা ও দুর্দশাও তাঁর দৃষ্টি এড়িয়ে যায়নি। শ্রমজীবী মানুষের দাবি ও অধিকারের প্রতি ছিলেন সহানুভূতিশীল। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির ব্যানারে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের মানুষের উন্নয়ন দাবিগুলোকে এক জায়গায় নিয়ে আসতে তিনি ছিলেন অন্যতম প্রধান সমন্বয়ক। দলমত-নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একই টেবিলে বসিয়ে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন। তাঁর কাছে খুলনার উন্নয়ন ছিল কোনো ব্যক্তি বা দলের বিষয় নয়, ছিল পুরো অঞ্চলের মানুষের অধিকার ও ভবিষ্যতের প্রশ্ন। পেশাগত জীবনের বাইরেও বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানে নেতৃত্ব দিয়েছেন তিনি। সম্পাদক পরিষদ, খুলনা প্রেসক্লাবের সভাপতি, বিভাগীয় প্রেসক্লাব ফেডারেশনের চেয়ারপার্সন ও সমবায় আন্দোলনে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সমবায় অঙ্গনে কেন্দ্রীয় পর্যায়েও নির্বাচিত নেতৃত্ব দিয়েছেন। একজন সুবক্তা হিসেবেও তাঁর পরিচিতি ছিল। জ্ঞান, অভিজ্ঞতা ও প্রজ্ঞার সমন্বয়ে জাতীয় পর্যায়েও তিনি ছিলেন সুপরিচিত মুখ। ২০১৫ সালের ২৮ নভেম্বর তাঁর মৃত্যুর মধ্য দিয়ে শুধু একজন সম্পাদকের জীবনাবসান ঘটেনি, খুলনা হারিয়েছিল একজন স্বপ্নদ্রষ্টা, সংগঠক ও উন্নয়ন-আন্দোলনের নিবেদিতপ্রাণ মানুষকে। তাঁর সম্পাদিত পত্রিকার পাতায় আজও হয়তো উঠে আসে সেই অঞ্চলের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের দাবি; কিন্তু সেই লেখনীর পেছনে থাকা মানুষটি আর নেই। সংকটের সময়ে, বৃহত্তর স্বার্থে সবাইকে এক করার প্রয়োজন দেখা দিলে কিংবা খুলনার উন্নয়নে বলিষ্ঠ নেতৃত্বের অভাব অনুভূত হলে আজও প্রাসঙ্গিক হয়ে ওঠে লিয়াকত আলীর নাম।
১১ বছর পরও তাঁর কর্ম, চিন্তা ও অবদান তাঁকে মানুষের স্মৃতিতে বাঁচিয়ে রেখেছে। সময়ের সঙ্গে মানুষ হারিয়ে যান, কিন্তু কিছু মানুষের কর্ম তাঁদের বাঁচিয়ে রাখে প্রজন্ম থেকে প্রজন্মে। আলহাজ¦ লিয়াকত আলী তেমনই একজন। খুলনার সাংবাদিকতা ও উন্নয়নের ইতিহাসে তাঁর নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হবে দীর্ঘদিন। ১৯৪৮ সালের ১৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন আলহাজ¦ লিয়াকত আলী। ২০১৫ সালের ২৮ নভেম্বর ৬৭ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। কর্মসূচি ঃ আলহাজ¦ লিয়াকত আলীর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ইকবালনগর জামে মসজিদে বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া ইকবালনগরসহ কয়েকটি মাদ্রাসায় এতিম শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। আজ বাদ এশা পূর্বাঞ্চলের বার্তাকক্ষে তাঁর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button