নগরীতে প্রশাসন, বিএনপি ও এনসিপির নাকের ডগায় বিস্ফোরণ

# তাৎক্ষনিক বিএনপি ও এনসিপির পৃথক প্রতিবাদ মিছিল #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা নগরীর গুরুত্বপূর্ণ শিববাড়ি মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নগরীর জিয়া হলের সামনে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে আসা এক ব্যক্তি ককটেল সদৃশ বস্তু নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যান। এতে কেউ হতাহত না হলেও বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় জিয়া হলের সামনে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। মোড়ের দু’পাশেই বিজিবি ও পুলিশ মোতায়েন ছিলো। অপরদিকে এনসিপিরি আখতার হোসেনসহ শীর্ষ নেতৃবৃন্দ আজ খুলনা আসা উপলক্ষে জিয়া হল ও আশপাশ এলাকায় এনসিপি নেতৃবৃন্দ জমায়েত ছিলো। তাদের নাকের ডগায় এ একটি বিস্ফোরণ হয়।
ঘটনার পর শিববাড়ি মোড়ে বিএনপির নেতাকর্মীদের ভিড় জমে। সেখানে আগে থেকেই দলীয় নেতাকর্মীদের পাশাপাশি পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন। সংশ্লিষ্টরা জানান, জিয়া হলের সামনে প্রতিদিন বিএনপির নেতাকর্মীরা পাহারা দেন।
বিস্ফোরণের পরে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে সোনাডাঙ্গা থানা বিএনপি ও জেলা ও মহানগর এনসিপি । সোনাডাঙ্গা থানা বিএনপির মিছিলে নেতৃত্বে ছিলেন থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি ও সোনাডাঙ্গা থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রাহুল চিশতি। জেলা ও মহানগর এনসিপির নেতৃত্বে ছিলেন জেলা আহবায়ক মাহমুদুল হাসান ফয়জুল্লাহ ও মহানগর আহবায়ক আহম্মেদ হামীম রাহাত।
সোনাডাঙ্গা থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রাহুল চিশতি বলেন, তাঁরা দলীয় নেতাকর্মীরা সেখানে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা এক ব্যক্তি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। ঘটনার পর আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে হামলাকারীকে শনাক্তের চেষ্টা চলছে। খুলনা মহানগর বিএনপির নেতা আমিনুল ইসলাম অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন। মানুষের জানমালের ক্ষতি ও স্বাভাবিক পরিস্থিতি বিঘিœত করতেই এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে বলে তিনি দাবি করেন।
তবে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। আতশবাজি জাতীয় কিছু একটা ফোটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।



