স্থানীয় সংবাদ

নগরীর চয়নিকা ফার্মেসিতে সন্ত্রাসীদের গুলি : মালিকের ছেলে জারিফ গুলিবিদ্ধ

খুলনায় পুলিশ প্রহরাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে সন্ত্রাসীরা

# চাঁদা না পেয়ে লবণচরায় আরও দুই ব্যবসা প্রতিষ্ঠানে গুলি #
# ফুলবাড়িগেটে বাড়ির গেট লক্ষ্য করে দুবৃত্তদের গুলি #

২৯ অক্টোবর অস্ত্রধারীরা ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনার পর নিরাপত্তাহীনতায় ফার্মেসিটি টানা ১৭ দিন বন্ধ ছিল। পুলিশ প্রহরায় খোলার ১৩ দিনের মাথায় গুলির ঘটনা ঘটলো।

স্টাফ রিপোর্টার ঃ চাঁদার দাবিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুলিশের প্রহরায় খুলে দেওয়া হয়েছিল খুলনার টুটপাড়ার চয়নিকা ফার্মেসি। তবে খোলার মাত্র ১৩ দিনের মাথায় ফার্মেসিটিতে গুলির ঘটনা ঘটেছে। এতে ফার্মেসির মালিকের ছেলে জারিফুজ্জামান (৩৩) গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে নগরীর ৪৭ নম্বর টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়নিকা ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জারিফুজ্জামান ওই ফার্মেসীর মালিক দৌলতুজ্জামানের ছেলে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ ঘটনার পর ফার্মেসিটি আবারও বন্ধ করে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে খুলনা সদর থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, জারিফুজ্জামান নামে এক ব্যক্তির পায়ে গুলি লেগেছে। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জারিফুজ্জামান ফার্মেসির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তাঁর পায়ে লাগে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এর আগে গত ২৯ অক্টোবর সন্ধ্যায় অস্ত্রধারী দুই ব্যক্তি সরাসরি চয়নিকা ফার্মেসিতে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। নির্ধারিত টাকা প্রস্তুত না রাখলে তাঁকে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয়। এ ঘটনার পর নিরাপত্তাহীনতায় ফার্মেসিটি টানা ১৭ দিন বন্ধ রাখেন মালিকপক্ষ।
এদিকে চাঁদাবাজদের গ্রেপ্তার ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তার দাবিতে চয়নিকা ফার্মেসি, মল্লিক ব্রাদার্সসহ বেশ কয়েকটি ওষুধের দোকান বন্ধ রাখেন ব্যবসায়ীরা। এ ঘটনায় সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি জেলা প্রশাসক ও খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনারের কাছে স্মারকলিপি দেয়। একই সঙ্গে ৭২ ঘণ্টার আলটিমেটাম ঘোষণা করে সংগঠনটি। পরে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও পুলিশি প্রহরার আশ্বাস দেওয়া হলে ১৪ নভেম্বর রাতে চয়নিকা ফার্মেসিটি আবারও চালু করা হয়। কিন্তু পুনরায় চালুর ১৩ দিনের মাথায় সেখানে গুলির ঘটনা ঘটল। উল্লেখ্য, এর আগে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে নগরীর কুইন্স হাসপাতাল, সন্ধানী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং জনপ্রিয় রেস্তোরাঁ চাইনিজ প্যালেস ভাংচুর, পালংকি রেস্টুরেন্টে গুলির ঘটনা ঘটে। একের পর এক এমন ঘটনায় খুলনার ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
চাঁদা না পেয়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানে গুলি :
অপরদিকে, খুলনায় দুর্বৃত্তরা চাঁদা না পেয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে গুলি করে আতঙ্ক সৃষ্টি করেছে । শুক্রবার সকালে নগরীর লবণচরা থানা এলাকার একটি তুষকাঠ মিল এবং চানাচুর ফ্যাটরিতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনী প্রধান হঠাৎ বাজারের তুষকাঠ মিলে চাঁদা দাবি করে আসছে। মালিকপক্ষ তাদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে মিল লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে। কিন্তু ভোরে সকালে ঘুমিয়ে থাকার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া হঠাৎ বাজারের পাশের চানাচুর ফ্যাক্টরির মালিক শামসুর রহমানের কাছে দীর্ঘদিন ধরে ঐ সন্ত্রাসী বাহিনী মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে ঐ বাহিনীর দুই সদস্য শুক্রবার ভোরে ফ্যাক্টরি লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে।
এ ব্যাপারে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররেফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে তিনি জানান।
অপরদিকে, খুলনার খানজাহান আলী থানাধীন যোগীপোল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে জিয়াউর রহমান ফকিরের বসতবাড়ির প্রধান ফটক লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে দুটি মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা এ গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় দুটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত জিয়াউর রহমান ফকিরের (পিতা তোতা ফকির) বাড়ির সামনে আসে। এ সময় তারা বাড়ির প্রধান ফটক লক্ষ্য করে গুলি ছুঁড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। হামলাকারীরা হেলমেট পরিহিত থাকায় স্থানীয় কেউ তাদের শনাক্ত করতে পারেননি।
এ ঘটনায় কেউ হতাহত হননি। পাশাপাশি বাড়ির বা আশপাশের কোনো সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার গুলির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জিয়াউর রহমান ফকিরের বাড়ির প্রধান ফটক লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। তবে এতে কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কারা বা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button