সাইফের ঝোড়ো ফিফটিতেও ২ রানে হারল জনকপুর

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ জয়ের জন্য শেষ পর্যন্ত লড়াই করেছেন সাইফ হাসান। ব্যাট হাতে খেলেছেন দুর্দান্ত এক ইনিংস। তবে তার সেই লড়াইয়েও শেষ পর্যন্ত জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি জনকপুর বোল্টস। নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) বিরাটনগর কিংসের কাছে ২ রানে হেরেছে সাইফের দল। গতকাল মঙ্গলবার বিরাটনগরের বিপক্ষে ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭২ রান করতে পারে জনকপুর। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন সাইফ হাসান। তার দুর্দান্ত ইনিংসেও শেষ হাসি হাসতে পারেনি জনকপুর। ৪৮ বলে ৭১ রান করেন সাইফ। ইনিংসটি সাজানো দুটি চার ও পাঁচটি ছক্কায়। শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে রান তুলতে থাকেন বাংলাদেশের এই ওপেনার। একদিকে নিয়মিত উইকেট হারালেও অন্য প্রান্তে দলের আশা বাঁচিয়ে রাখেন তিনি। তার ব্যাটিংয়ে ম্যাচের শেষ পর্যন্ত লড়াইয়ে টিকে ছিল জনকপুর। সাইফের সঙ্গে ব্যাট হাতে অবদান রাখেন বিশাল শুশলিং। ৩০ বলে ৪৩ রান করেন তিনি। জেমস নিশাম ১৫ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তার ব্যাটে ম্যাচে নতুন করে উত্তেজনা তৈরি হলেও শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছানো হয়নি জনকপুরের। এর আগে টস জিতে বিরাটনগর কিংসকে ব্যাটিংয়ে পাঠায় জনকপুর। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে বিরাটনগর। দলের হয়ে ৪৫ বলে ৫৬ রান করেন ইমরান শেখ। লোকেশ বাম করেন ৪০ বলে ৫০ রান। শেষ দিকে ঝড় তোলেন আন্দ্রে রাসেল। মাত্র ২৯ বলে অপরাজিত ৫২ রান করেন এই ক্যারিবীয় অলরাউন্ডার। তার ইনিংসে ছিল দুটি চার ও পাঁচটি ছক্কা। জনকপুরের হয়ে অভিষেক তিওয়ারি দুটি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে সাইফের লড়াইয়ে জয়ের সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত ২ রানের ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় জনকপুরকে। ব্যাট হাতে রাসেলের ঝোড়ো ইনিংস বিরাটনগরকে বড় সংগ্রহ এনে দিয়েছিল। অন্যদিকে সাইফের ৭১ রানের ইনিংস জনকপুরকে জয়ের খুব কাছে নিয়ে গেলেও শেষ পর্যন্ত ব্যবধান ঘোচাতে পারেনি তারা।



