২ লাশের দাবিদার ৪ জন, তিন জনের জন্য আসেনি কেউ

প্রবাহ রিপোর্ট : রাজধানীর বেইলি রোডে ভবনে অগ্নিকা-ের ঘটনায় মারা যাওয়া ৪৬ জনের মধ্যে ৪১ জনের লাশ ইতোমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে আরও পাঁচটি লাশ রয়েছে। এর মধ্যে দুটি লাশের দাবি করেছেন চার জন। এ ছাড়া মর্গে থাকা তিনটি লাশের জন্য এখনও কোনও স্বজন আসেনি বলে জানা গেছে। পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) ডিএনএ স্পেশালিস্ট আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, মর্গে থাকা দুটি লাশকে নজরুল ইসলাম, হাসিনা বেগম, আমিনা বেগম ও ওয়ালিউল্লাহ নামে চার জন নিজেদের স্বজন বলে দাবি করছেন। লাশের চেহারা পুড়ে যাওয়ায় চেনা যাচ্ছে না। স্বজনদের ডিএনএ নমুনা রেখেছি। নমুনা পরীক্ষা শেষে তাদের প্রকৃত পরিচয় জানা যাবে। তিনি আরও জানান, এ ছাড়া মর্গে থাকা তিনটি লাশের জন্য এখনও কোনও স্বজন আসেননি। গত বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে ভবনজুড়ে। এতে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
