বাগেরহাটের রামপালে অর্থ আত্মসাতের অভিযোগে চাচাতো বোনের বিরুদ্ধে মামলা

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের রামপালে প্রতারণার মাধ্যমে নেওয়া দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলে আপন চাচাতো বোন ও তার স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন এক নারী। মামলার বাদী সুমনা কুন্ডু রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের বাসিন্দা। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে নির্দেশ দিয়েছেন। মামলার আসামীরা হলেন একই গ্রামের সমীরন কুন্ডুর মেয়ে শুক্লা কুন্ডু (৩৭) এবং তার স্বামী বাঁশবাড়িয়া গ্রামের মৃত হরেন বিশ্বাস এর পুত্র খোকন বিশ্বাস (৪০) । মামলায় উল্লেখ করা হয়, অভিযুক্ত শুক্লা কুন্ডু ও বাদী সুমনা কুন্ডুর আপন চাচাতো বোন। পারিবারিক সম্পর্কের সুবাদে বিভিন্ন সময় তিনি সুমনার কাছ থেকে টাকা ধার নিতেন। একপর্যায়ে শুক্লা কুন্ডু ও তার স্বামী কয়েকদিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে সুমনার কাছ থেকে নগদ এক লাখ পঞ্চাশ হাজার টাকা ধার নেন। অভিযোগে আরো উল্লেখ করা হয়, নির্ধারিত সময় পার হলেও তারা টাকা ফেরত না দিয়ে বারবার বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। পরে বিষয়টি সুমনা কুন্ডু অভিযুক্ত শুক্লার ভাই, ঢাকায় কর্মরত সড়ক ও জনপথ বিভাগের বৃক্ষপালনবিদ বিপ্লব কুন্ডু, তাদের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক সমীরন কুন্ডু এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন। তারা কয়েক দফায় টাকা পরিশোধের আশ্বাস দিলেও শেষ পর্যন্ত কোনো অর্থ ফেরত না দিয়ে পাল্টা তাকে ভয়ভীতি প্রদর্শন এবং জীবননাশের হুমকি দেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে প্রতিকার না পেয়ে সুমনা কুন্ডু বাগেরহাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। প্রাথমিক শুনানি শেষে আদালত অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্তদের নির্দেশ দেন। এ বিষয়ে মামলার বাদী সুমনা কুন্ডু বলেন, নগদ ওই টাকার পাশাপাশি শুক্লা তার হাতের শাখা এবং স্বর্নের আংটি বাড়ির পাশের মিষ্টি বিক্রেতা তুলসি বাবুর কাছে বন্দক রেখে আলাদাভাবেও টাকা নিয়েছিলো। তবে সেটি তাদের কাছ থেকে এনে কয়েকদিন আগে তাকে ফেরত দিলেও নগদ দেড় লক্ষ টাকা ফেরত না দিয়ে ভয়ভীতি দেখাচ্ছে ।



