চলন্ত বাসে সন্তানের জন্ম আজীবন ভাড়া মওকুফ

প্রবাহ রিপোর্ট : ঢাকা থেকে লালমনিরহাটের বুড়িমারীগামী ‘আনাস এন্টারপ্রাইজ’-এর বাসে এক ছেলে সন্তানের জন্ম দিয়েছেন আবিদা বেগম (২৮) নামের এক নারী। পরিবহন কোম্পানির নামের সঙ্গে মিলিয়ে নাম রাখা হয়েছে ‘আনাস হাসান’। ওই নবজাতকের জন্য আজীবন ফ্রি যাতায়াতের ঘোষণা দিয়েছে পরিবহন কোম্পানি। তার জন্য উপহারও পাঠানো হয়েছে। গত শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে রংপুরের মিঠাপুকুর এলাকায় বাসে ওই শিশুর জন্ম হয়। মা ও নবজাতক সুস্থ আছে।
স্বজনরা জানিয়েছেন, অন্তঃসত্ত্বা আবিদা বেগমকে নিয়ে তার বাবা ঢাকা থেকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামের উদ্দেশে রওনা হন। সে সময় চিকিৎসকরা জানিয়েছিলেন, সন্তান প্রসবের আরও ২০ দিন বাকি আছে। কিন্তু, বাসটি রংপুরের মিঠাপুকুর এলাকায় পৌঁছালে শনিবার ভোররাত ৩টার দিকে আবিদার প্রসববেদনা ওঠে। বাসে থাকা এক অভিজ্ঞ ধাত্রীর সাহায্যে নিরাপদে সন্তান প্রসব করেন আবিদা। খুশি হয়ে সুপারভাইজার বাসের অন্য যাত্রীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।
এ বিষয়ে জানতে পেরে আনাস এন্টারপ্রাইজের মালিক দিপু ওই নবজাতক ও তার পরিবারের জন্য বিশেষ উপহার পাঠানোর ব্যবস্থা করেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বাসের সুপারভাইজার মজনু মিয়া লালমনিরহাটের হাতীবান্ধায় প্রসূতির বাড়ি গিয়ে নবজাতকের জন্য উপহারসামগ্রী (দোলনা, বেবি বেড, মশারি ও প্রসাধনী) পৌঁছে দেন।
মজনু মিয়া বলেন, “ঘটনাটি ঘটে ভোররাতে। মা ও শিশু দুজনেই সুস্থ ছিল। তাৎক্ষণিকভাবে বিষয়টি আমাদের মালিককে জানানো হলে তিনি অত্যন্ত খুশি হয়ে শিশুটির জন্য আজীবন এবং শিশুটি বড় না হওয়া পর্যন্ত তার মায়ের ফ্রিতে বাসে যাতায়াতের ঘোষণা দেন।”
আবিদার বাবা আবেদ আলী বলেন, “চিকিৎসকের হিসাব অনুযায়ী আরও ২০ দিন সময় বাকি ছিল। তাই, মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলাম। আল্লাহর অশেষ রহমতে বাসের ভেতরই নাতির জন্ম হয়েছে। মা ও ছেলে দুজনই এখন সম্পূর্ণ সুস্থ। বাসে জন্ম নেওয়াতেই আমরা ভালোবেসে ওর নাম রেখেছি আনাস হাসান।”
ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজল রহমান খোকন জানিয়েছেন, তিনি বিষয়টি স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে জেনেছেন । প্রসূতি ও নবজাতক আনাস হাসান সুস্থ আছে।



