স্থানীয় সংবাদ

পরীক্ষামূলকভাবে চালু হলো কেসিসির বর্জ্য রিসাইক্লিং প্লান্ট

স্টাফ রিপোর্টার : খুলনার ডুমুরিয়া উপজেলার সলুয়ায় নির্মাণাধীন বর্জ্য রিসাইক্লিং প্লান্টের মেশিনারিজ পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। ৫৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ প্লান্টের কার্যক্রম সফল হলে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বৃহস্পতিবার(১ অক্টোবর) সকালে সলুয়া ল্যান্ডফিলে প্লান্টের কাজের অগ্রগতি পরিদর্শন করেন কেসিসি প্রশাসক। এ সময় প্লান্টে স্থাপিত মেশিনারিজ পরীক্ষামূলকভাবে চালু করা হয়। পরিদর্শন শেষে কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নজরুল ইসলাম মঞ্জু বলেন, বৃহস্পতিবারই প্রথম প্লান্টের মেশিনারিজ পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। ৩০ ঘণ্টা পর এর ফলাফল জানা যাবে। পরীক্ষামূলক কার্যক্রমের বিষয়ে প্রকৌশলীরা প্রতিবেদন দেবেন। তিনি বলেন, প্লান্টের কার্যক্রম সফল হলে খুলনার বর্জ্য ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসবে। বর্জ্য আর বোঝা থাকবে না, তা সম্পদে পরিণত হবে। একই সঙ্গে দেশের অন্যান্য সিটি করপোরেশন ও জেলা শহরের জন্য এটি মডেল প্রকল্প হিসেবে বিবেচিত হতে পারে। কেসিসি ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প-২ (সিআরডিপি-২)-এর আওতায় সলুয়া ল্যান্ডফিলে প্লান্টটি স্থাপন করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৫৩ কোটি টাকা। প্রকৌশলীরা আশা করছেন, আগামী ডিসেম্বরের মধ্যে প্লান্টটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করা সম্ভব হবে। পরিদর্শনকালে সিআরডিপি-২ প্রকল্পের টিম লিডার মো. শফিকুর রহমান, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) সাবেক চেয়ারম্যান ড. এসানুল হক, কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমানসহ প্রকল্পের কর্মকর্তা, প্রকৌশলী ও টেকনিক্যাল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button