এমপি মিষ্টির পদত্যাগ, আসন শূন্য ঘোষণা

রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুর
প্রবাহ রিপোর্ট : রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে তার আসন শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে সংসদ সচিবালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সেখানে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ-সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ মহিলা আসন-২৩ আসনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী শূন্য হয়েছে।
এর আগে, দুপুরে জাতীয় সংসদে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।
স্পিকারের কাছে পাঠানো চিঠিতে ফেরদৌসী আহমেদ মিষ্টি লেখেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন) হিসাবে দায়িত্ব পালন করে আসছি। আমি সম্পূর্ণ সজ্ঞানে ও স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য (সংরক্ষিত মহিলা আসন-২৩) পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।
অতএব বিনীত প্রার্থনা এই যে আমার পদত্যাগ পত্রটি গ্রহণ করে পদত্যাগ কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনার সদয় মর্জি হয়।’
বের হওয়ার সময় সংসদ ভবনের টানেলে সাংবাদিকরা তার পদত্যাগের বিষয়ে প্রশ্ন করলেও তিনি কথা বলতে রাজি হননি। তবে অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি স্পিকারের সঙ্গে কথা বলতে এসেছি, কথা বলেছি।’
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনার পর ফেরদৌস আহমেদ মিষ্টিকে পদত্যাগ করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ।
ফেরদৌসী আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। গতকাল রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ওই কমিটিও বিলুপ্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে ২টার মধ্যে মিরপুর-১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। আলোচনায় আসে এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির নামও।



