প্রবাসফেরত স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ

প্রবাহ রিপোর্ট ঃ মৌলভীবাজারের কমলগঞ্জে শিল্পী আক্তার নামে সৌদিফেরত স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন তাঁর স্বামী সফর আলী। হত্যার পর তিনি দা সহ থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। গতকাল রোববার সকাল ১১টায় উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামে এই ঘটনা ঘটে। থানায় গিয়ে সফর আলী দাবি করেন, শিল্পী আক্তার প্রবাসে গিয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় তিনি তাঁকে হত্যা করেছেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শিল্পী আক্তারের স্বামী সফর আলী নারায়ণগঞ্জে রঙের কাজ করেন। আর স্ত্রী দালাল মারফত সাড়ে তিন মাস আগে সৌদি আরবে যান। এরপর স্ত্রীকে দেশে ফিরিয়ে আনতে তিনি দালালকে চাপ দেন ও টিকেটের টাকা পরিশোধ করেন। এরপর শিল্পী আক্তার গত শনিবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছালে স্বামী ও পরিবারের সদস্যরা তাঁকে স্বামীর বাড়িতে নিয়ে আসেন মধ্যরাতে। এরপর সফর আলী জানতে পারেন তাঁর স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে গতকাল দা দিয়ে স্ত্রীকে গলা কেটে হত্যা করেন তিনি। তাঁদের পাঁচ বছর বয়সী এক ছেলে রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উৎসুক মানুষ ওই বাড়িতে ভিড় জমাচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান জানান, আসামি পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনা তদন্তের জন্য পরিবারের অন্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রবাসফেরত শিল্পীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া তিনি এ বিষয়ে কিছু বলতে পারবেন না বলেও জানান।



