স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস আনসার সদস্যের

প্রবাহ রিপোর্ট : স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক আনসার ব্যাটালিয়ন সদস্য। তার নাম আরিফুল ইসলাম (৩২)। তিনি দিনাজপুরের সদর উপজেলার জয়দেবপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে। ডিঙ্গেদহ ১৪ আনসার ব্যাটালিয়নের সদর দপ্তরে সিপাহী পদে কর্মরত ছিলেন তিনি। গত রোববার রাতে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের ডিঙ্গেদহ এলাকায় আরিফুল ইসলামের ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখতে পায় পুলিশ। স্ত্রীর সঙ্গে অভিমান করে এ আনসার সদস্য আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউল আলম সুজন জানান, আরিফুল ইসলাম সপরিবারে ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন। বেশ কয়েকদিন ধরে তার স্ত্রীর সঙ্গে মনোমালিন্য চলছিল বলে জানা গেছে। তার স্ত্রী বাবার বাড়ি চলে গিয়ে আর ফেরেননি। তিনি স্ত্রীকে ভিডিও কল দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দিলে দরজা ভেঙে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী জানান, লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



