জাতীয় সংবাদ

ভোটারদের টাকা দেওয়ার সময় উপজেলা চেয়ারম্যান আটক, মুচলেকায় মুক্তি

প্রবাহ রিপোর্ট : আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের পাবনার সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণার শেষদিনে নিয়মবহির্ভূতভাবে টাকা বিতরণের সময় উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহীনসহ ১১ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। পাশাপাশি উপজেলা চেয়ারম্যানের নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি ও ২২ লাখ ৮২ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়েছে। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সুজানগরের চর ভবানীপুরের নির্বাচনী এলাকা থেকে তাদের আটক করেন র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। গতকাল মঙ্গলবার দুপুরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে শাহীনসহ তার সহযোগীদের। আর ছেড়ে দেওয়ার কারণ হিসেবে র‌্যাব জানিয়েছে, চেয়ারম্যানপ্রার্থী শাহীন নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘন করেননি। কিন্তু রাতে আটকের পর সংবাদ সম্মেলন করে র‌্যাব কমান্ডার এহতেশামুল হক খান জানিয়েছিলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান ভোটারদার কাছ থেকে অনৈতিক সুবিধা নিতে টাকা ব্যবহার করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন। বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। রিটার্নিং কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শাহীনুজ্জামান শাহীন সুজানগর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আটকের পর থেকে থানার সামনে আন্দোলন শুরু করেন শাহীনের সমর্থকরা। তারা শাহীনের মুক্তি দাবি করেন। শাহিনুজ্জামান শাহীন এবারের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী (আনারস মার্কা)। তিনি সুজানগর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান বলেন, ৮ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের সুজানগর উপজেলা নির্বাচন উপলক্ষে আমাদের নিয়মিত টহল দল সুজানগরের চর ভবানীপুর এলাকায় টহল দিচ্ছিল। এ সময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহীনুজ্জামান শাহীনকে দুই ব্যাগভর্তি ২২ লাখ ৮২ হাজার ৭০০ টাকা ও ১০ সহযোগীসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, টাকাগুলো ভোটারদের প্রভাবিত করতে বিতরণের জন্য রাখা হয়েছিল। আমরা রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। তিনি এসে ব্যবস্থা নেবেন। পাবনা জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, বিষয়টি আমরা জানতে পেরেছি। বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button