শিক্ষার্থীর ঝুলন্ত ও শিশুর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার

প্রবাহ রিপোর্ট : রাজধানীর খিলগাওয়ের বাসা থেকে বনি ইয়াসমিন (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে খিলগাও সি ব্লকের আনসার হেডকোয়ার্টারের সামনের একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য সেটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। খিলগাঁও থানার এসআই মো. সিহাব বাহাদুর জানান, সকালে খবর পেয়ে ওই বাসার নিচতলা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় সে ড্রয়িং রুমে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। তিনি আরও জানান, নিহত বনি ইয়াসমিন মাগুরা সরকারি কলেজে অর্থনীতি বিভাগে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ফরিঘরিয়া গ্রামে। বাবার নাম নুরুল ইসলাম। গত ২০ দিন আগে খিলগাওয়ে বোন মিরুন্নাহর ও দুলাভাই মো. রফিকুল ইসলমের বাসায় বেড়াতে আসেন তিনি। গত রাত ১টা থেকে সকাল ৭টার মধ্যে যেকোনো সময় গলায় ফাঁস দেন ওই শিক্ষার্থী। তবে তিনি কেন এমনটি করেছেন তা পরিবারের কেউ জানাতে পারেননি।
এদিকে রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া এলাকার একটি বাসায় নুসরাত জাহান তাফরিন (১০) নামে এক শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তার বাবা-মা দাবি করেছেন, একা বাসায় খেলার ছলে গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়েছিল নুসরাত। গত বুধবার সন্ধ্যার দিকে দনিয়া আনন্দবাজার এলাকার একটি বাসার নিচতলায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে বাবা-মা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক নুসরাতকে মৃত ঘোষণা করেন। বরিশালের কোতোয়ালি থানার নলচর গ্রামের মো. ইউসুফ ও ইতি আক্তার দম্পতির মেয়ে নুসরাত। দুই ভাইবোনের মধ্যে সে ছিল বড়। যাত্রাবাড়ীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার পঞ্চম শ্রেণিতে পড়ত সে। হাসপাতালে তার বাবা-মা জানান, গত মঙ্গলবার সৌদি প্রবাসী ইউসুফ দেশে আসেন। গত বুধবার সন্ধ্যায় সবাই একসঙ্গে খাওয়া-দাওয়া করে স্বামী-স্ত্রী এবং তাদের ছোট ছেলেকে নিয়ে কেনাকাটা করতে বাইরে বের হন। এ সময় বাসায় মেয়ে নুসরাতকে একা রেখে যান তারা। নিরাপত্তার জন্য দরজার বাইরে থেকে তালা দিয়ে যান। রাত সাড়ে ৮টার দিকে তারা বাসায় ফিরে রুমের তালা খুলে ভেতরে ঢুকে দেখতে পান, বারান্দার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে ঝুলছে নুসরাত। সঙ্গে সঙ্গে ঝুলন্ত অবস্থায় থেকে তাকে নামিয়ে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। তবে চিকিৎসক পরীক্ষানিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, শিশুটির মা-বাবা দাবি করেছেন, খেলার ছলে গলায় ফাঁস দিয়ে থাকতে পারে নুসরাত। তবে বিস্তারিত তদন্তের জন্য ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে। শিশুটির লাশ মর্গে রাখা হয়েছে।



