বিনোদন

কন্যাসন্তানের মা হলেন পরী

প্রবাহ বিনোদন: ২০২২ সালের ১০ আগস্ট পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য আসে চিত্রনায়িকা পরীমণির কোলজুড়ে। এবার কন্যাসন্তান দত্তক নিলেন তিনি। নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। গত বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন পরীমণি। তিনি বলেন, ‘ছেলের পরে মেয়ে, কী যে আনন্দ। পৃথিবীতে আসার ছয় দিন হলো ওর। আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে।’ সন্তান দত্তক নেওয়ার বিষয়ে নায়িকা বলেন, ‘আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হল আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন। জীবনে কোনো দিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি আমি। তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তাই মাথা পেতে নিয়েছি। ও পরীর মতোই আমার কোলে চলে এল। কোলে যখন নিই, মনে হয় আমার নাভি কেটেই ও এসেছে। ওর ছবি এখন দিচ্ছি না। কেউ রাগ করবেন না! মা তো… আর কিছু দিন যাক।’ অভিনেত্রী আরও বলেন, ‘আমি যা মন থেকে চাই তাই করি। কে কী বলল সেসব নিয়ে কোনো দিন ভাবিনি। কে বলেছে বাবা ছাড়া সন্তান মানুষ করা যায় না? কে বলেছে জন্ম দেওয়া বাবা-মা ছাড়া সন্তান মানুষ হয় না? এইসব নিয়ম সমাজের তৈরি। এই তো আর কয়েক দিনের মধ্যেই মাতৃদিবস নিয়ে হইচই হবে। কিন্তু সেখানেও তো পিতৃতন্ত্রের আদলে তৈরি করা মেয়েদের জয়গান। কাজ আর সন্তানদের নিয়ে বাঁচব আমি। এখন রাতের দিকে সব শান্ত হয়ে আসার পরে একদিকে ছেলে, আরেকদিকে ঘুমন্ত মেয়ের মাঝে যখন চোখ খুলে দেখি তখন মনে হয় পরীমণির আকাশটা বড় হয়ে আসছে।’ ঢাকাই ছবির এই চিত্রনায়িকা ‘গুণিন’ ছবির সেটে বিয়ে করেছিলেন অভিনেতা শরীফুল রাজকে। তাদের ঘরে আসে রাজ্য। বিচ্ছেদের পর এখন কাজ ও সন্তান নিয়েই ব্যস্ত এই তারকা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button