জাতীয় সংবাদ

হত্যার দুদিন পর ২ বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

প্রবাহ রিপোর্ট : পঞ্চগড়ের তেতুলিয়ার খয়খাটপাড়া সীমান্তে গুলি করে হত্যার পর বাংলাদেশি নাগরিক আবদুল জলিল (২৪) ও ইয়াসীন আলীর (২৩) লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত ৮ মে তাদের গুলি করে হত্যা করে বিএসএফ। গত শুক্রবার সন্ধ্যার দিকে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি জিরো লাইন সীমান্ত দিয়ে জলিল ও আলীর লাশ তেতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে ভারতের ফাঁসিদেওয়া থানা পুলিশ। এ সময় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের কর্মকর্তাসহ নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তেতুলিয়া মডেল থানা পুলিশের ওসি সুজয় কুমার লাশ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নিহত দুই যুবকের লাশ গ্রহণ করা হয়েছে। ভারতে লাশ ময়নাতদন্ত হওয়ায় আমরা এটি ছাড়াই লাশ দুই পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করেছি। গত ৮ মে ভোরে পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার খয়খাটপাড়া সীমান্তে বিএসএফের ১৭৬ ব্যাটালিয়নের ফকিরপাড়া ক্যাম্পের সদস্যদের গুলিতে বাংলাদেশি নাগরিক জলিল ও আলীর মৃত্যু হয়। পরে লাশ নিয়ে যায় বিএসএফ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একই দিন বিকেলে বিএসএফের সঙ্গে বিজিবি সদস্যরা পতাকা বৈঠক করে। এর মাধ্যমে দুজনকে শনাক্তসহ তাদের লাশ ফেরত চেয়ে চিঠি দেয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button