জাতীয় সংবাদ

ঋণখেলাপি, অর্থপাচার ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

প্রবাহ রিপোর্ট : ঋণখেলাপি, অর্থপাচারকারী, অর্থনৈতিক দুঃশাসন ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে জাগ্রত বাংলাদেশ (জেবিডি)। মানববন্ধন থেকে ঋণখেলাপি ও অর্থপাচারকারীদের তালিকা প্রকাশ ও অর্থনৈতিক সুশাসন নিশ্চিত করাসহ বেশকিছু দাবি তুলে ধরেছেন সংগঠনের নেতারা। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন দলের সভাপতি আজমুল জিহাদ। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- জাগ্রত বাংলাদেশের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল আমিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মামুন, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এবিএম জোবায়েরসহ ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজমুল জিহাদ বলেন, ঋণখেলাপি, করখেলাপি, অর্থপাচারকারীদের তালিকা অবিলম্বে জনসম্মুখে প্রকাশ করে তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। একটা অর্থনৈতিক কাউন্সিল করে সব পাচারকৃত অর্থ ফেরত আনতে হবে। ঋণখেলাপি ও অর্থপাচারকারীদের বিরুদ্ধে জনতাকে সঙ্গে নিয়ে রুখে দাঁড়াবার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল আমিন ভূঁইয়া। তিনি বলেন, দেশের মুষ্টিমেয় কিছু ঋণখেলাপি ও অর্থপাচারকারীদের হাতে জনগণ জিম্মি। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানববন্ধনে বক্তারা বলেন, ব্যাংকে রাখা দেশের জনগণের অর্থ লোপাট করে বিদেশে পাচার করা হচ্ছে। আমার দেশের অসহায় জনগণের উপর মাথাপিছু ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু যেসব ঋণখেলাপি ঋণের টাকা ফেরত না দিয়ে বিদেশে পাচার করে ‘বেগমপাড়া’ করছেন, তাদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা সেভাবে নিতে পারছে না। অর্থনৈতিক দুঃশাসন ও অনিয়ম, দুর্নীতি আজ নিয়মে পরিণত হয়েছে। মানববন্ধনে জাগ্রত বাংলাদেশ বিভিন্ন দাবি তুলে ধরে। তাদের উল্লেখযোগ্য দাবি হচ্ছে- ঋণখেলাপি ও অর্থপাচারকারীদের তালিকা ও অর্থের পরিমাণ জনসম্মুখে প্রকাশ করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। অর্থনৈতিক সুশাসন নিশ্চিত করতে হবে। মালিক, গ্রাহক, সরকার, কর্মকর্তা ও কর্মচারীর সমন্বয়ে ব্যাংকিং পরিচালনা পরিষদ গঠন করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button