কক্সবাজারে জালে উঠে এল ভাই-বোনের লাশ

প্রবাহ রিপোর্ট ঃ কক্সবাজারের রামু উপজেলার রাজারকুলে ডোবার পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রাজারকুল ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ডুবে মারা যাওয়া ভাই-বোন হলো, রাজারকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৌলবী পাড়া গ্রামের প্রবাসী আব্দুল্লাহর ছেলে রিহাব (৭) ও মেয়ে মারিয়া (৫)। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, বিকেলে ওই দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে খুঁজতে খুঁজতে সন্ধ্যার দিকে রেললাইনের পাশে একটি ডোবায় তাদের লাশ পাওয়া যায়। স্থানীয়রা জানান, হাসমত নামে স্থানীয় এক ব্যক্তি রেললাইনের একটি ব্রিজের মুখের ডোবায় জাল ফেলেন। ওই জালেই দুই শিশুর লাশ আটকে যায়। পরে তিনি জাল তুলতে গেলে লাশ দেখে ভয়ে চিৎকার করে পালিয়ে যান। এরপর স্থানীয়দের সঙ্গে নিয়ে লাশ দুটি উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি সদস্য এরশাদ উল্লাহ বলেন, বিকেলে দুই ভাই-বোনকে একসঙ্গে এলাকায় ঘুরতে দেখেছেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, ডোবার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। রামু থানা পুলিশের ওসি আবু তাহের দেওয়ান বলেন, দুই শিশুর মৃত্যুর তথ্য কেউ থানায় জানাননি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ এলে খতিয়ে দেখা হবে।



