জাতীয় সংবাদ

কলড্রপ নিয়ে ১ জুলাই থেকে অ্যাকশন : প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি

প্রবাহ রিপোর্ট : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কলড্রপ নিয়ে মোবাইল ফোন গ্রাহকরা অসন্তুষ্ট। বিটিআরসি যেসব পরীক্ষা করেছে, সে প্রতিবেদন অনুসারে কোয়ালিটি অব সার্ভিস খুব একটা সন্তোষজনক নয়। এ ক্ষেত্রে আমরা কাউকে ছাড় দেবো না। ১ জুলাই থেকে কলড্রপের বিরুদ্ধে অ্যাকশনে যাবো। শহর বা গ্রাম যেখানেই হোক, আমরা মিডিয়ার যে রিপোর্ট, সেগুলো আমলে নেবো এবং সেখানে আমরা ড্রাইভ দেবো। গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে মোবাইল ফোন অপারেটরদের কলড্রপ সংক্রান্ত আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুনাইদ আহমেদ পলক বলেন, মোবাইল ফোন এখন জীবনের একটা অংশ হয়ে গেছে। অথচ আমরা দেখছি গ্রাহকরা অনেক ক্ষেত্রেই সেবা নিয়ে সন্তুষ্ট নন। আজকের (রোববার) বৈঠকের মূল উদ্দেশ্য মোবাইল ফোন অপারেটরদের সেবার মান নিশ্চিত করা। তারা যে প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই সেবা গ্রাহক পাচ্ছে কি না দেখতে হবে। প্রতিমন্ত্রী বলেন, আগামী ছয় মাসের মধ্যে কলড্রপ নিয়ে অপারেটরগুলো থেকে যে তথ্য দিক না কেন, যতক্ষণ পর্যন্ত না গ্রাহক এবং সাংবাদিকদের কাছ থেকে একটা উল্লেখযোগ্য চিত্র না পাবো, ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র কাগজে-কলমে বা ডিজিটাল উপস্থাপনায় আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট হবো না। এটা আপনারা গ্রহণ করেন বা না করেন, আমি স্পষ্ট বার্তা দেয়ার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। তিনি আরো বলেন, যেহেতু আমরা আরো কঠোর অবস্থানে যাবো, ক্ষতিপূরণ দেয়ার কথা সেটা যেন করা হয়। সর্বোচ্চ ক্ষতিপূরণটা আমরা দেয়ার চেষ্টা করবো, যাতে মোবাইল নেটওয়ার্ক অপারেটরগুলো একটা চাপে থাকে যে, তারা যদি সেবা না দেয় তাহলে তাদের আর্থিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে। এসময় বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মো: মহিউদ্দিন আহমেদসহ মোবাইল ফোন অপারেটরদের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button