স্থানীয় সংবাদ

শ্যামনগরে স্ত্রীকে বেঁধে স্বামীকে কুপিয়ে হত্যা

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগরে চিংড়ি ঘেরের মধ্যে স্ত্রীকে বেধে রেখে স্বামী কৃষকলীগ নেতা আবুল কাশেমকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। বৃহষ্পতিবার মধ্যরাতে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘের নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা নিহতের স্বজন ও পুলিশের। আবুল কাসেম গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের নেছার কাগুচির ছেলে ও গাবুরা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক। নিহত আবুল কাশেমের স্ত্রী ফিরোজা বেগম জানান, বৃহষ্পতিবার রাত ১১টার দিকে তিনি ও তার স্বামী আবুল কাশেম বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে মৎস্য ঘেরে মাছ ঝাড়তে যান। ঘেরে পৌছালে অজ্ঞাত দুর্বৃত্তরা মাছ ধরার কাজে ব্যবহৃত ডিঙি নৌকার মধ্যে তার হাত, পা, চোখ ও মুখ বেঁধে ফেলে রাখে। পরে তার স্বামীকে দুর্বৃত্তরা নৌকা থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে তার স্বামী আবুল কাশেম ৩০ বিঘা জমি লীজ নিয়ে এখানে মৎস্য ঘের করে আসছিল। ওই মৎস্য ঘের নিয়ে পাশ্ববর্তী লোকমান গাজী নামের এক ব্যক্তির সাথে তার বিরোধ সৃষ্টি হয়। মূলত ওই বিরোধকে কেন্দ্র করে লোকমানের নির্দেশে দুর্তৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করতে পারে বলে তিনি ধারনা করছেন। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, চিংড়ি ঘের নিয়ে বিরোধকে কেন্দ্র করে আবুল কাশেমকে প্রতিপক্ষরা হত্যা করেছে বলে নিহতের স্বজনরা প্রাথমিকভাবে ধারণা করছেন। শুক্রবার ভোরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, মামলা দায়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button