বাগেরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ২ জন নিহত

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুই জন নিহতের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে উপজেলার ঘাটবিলা এলাকায় মোশারফ এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউপি সদস্য মোঃ আলমের গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আলম গ্রুপের মোঃ মফিজ শেখ (৪৫) এবং মোশারফ গ্রুপের মোঃ মোশারফ শেখ (৭০) নিহত হয়েছেন। নিহত মোঃ মফিজ শেখ ওই এলাকার মৃত সবুর শেখের ছেলে এবং মোঃ মোশারফ শেখ মৃত আবুল হাশেম শেখের ছেলে। দুইজনই ঘাটবিলা এলাকার বাসিন্দা। এদের মধ্যের মোঃ মোশারফ শেখের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং মফিজের মরদেহ বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্র্গে রয়েছে। স্থানীয়রা জানান, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউপি সদস্য মোঃ আলম ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ মোশারফ শেখের সাথে আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিষয়ে দীর্ঘ দিনের বিরোধ চলে আসছিল। সোমবার সরকার পতনের খবর পাওয়ার পরেই বিকেলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের দুইজন নিহত হয়েছেন। মোল্লাহাট থানা পুলিশ নিহতের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাতে পারেননি। স্থানীয় পল্লী চিকিৎসক মোঃ ফোরকান মাহমুদ বলেন, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউপি সদস্য মোঃ আলম ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ মোশারফ শেখের লোকদের সাথে সংঘর্ষে দুইজন মারা গেছে। নিহত মোঃ মোশারফ শেখের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং মফিজের মরদেহ বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে রয়েছে। এদের বিরোধ খুবই পুরোনো, সরকারের পদত্যাগের কারণে আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ ছাড়া আইনশৃংখলা বাহিনী বা রাষ্ট্র যন্ত্র সক্রিয় না থাকায় বাগেরহাট জেলা জুড়ে চলছে তান্ডব। এতে নারী-শিশুসহ হিন্দু সম্প্রদায় চরম আতংকে প্রতিটা মুহুর্ত কাটাচ্ছে বলে জনশ্রতি উঠেছে।



