জাতীয় সংবাদ

পাসপোর্টে আবারও যুক্ত হচ্ছে ‘একসেপ্ট ইসরায়েল’

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশি পাসপোর্টে ‘একসেপ্ট ইসরায়েল’ আবারও যুক্ত হচ্ছে। এ ছাড়াও পাসপোর্টে জাতীয় ঐতিহ্য, সংস্কৃতি ও দর্শনীয় স্থানগুলোকে গুরুত্ব দিয়ে উপস্থাপনের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৪ মে) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ তিনি এসব তথ্য জানান।
তিনি বলেন, এটা সত্য যে সামনে যে পাসপোর্টগুলো ইস্যু করা হবে, সেই পাসপোর্টে আমরা আগের মতোই ‘একসেপ্ট ইসরায়েল’ শব্দটি যুক্ত করব। এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। আর বাংলাদেশের গণমানুষের চাহিদাও এটা।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাসপোর্টে আরও বিভিন্ন বিষয় যেগুলো ভিসা পেইজ থাকে, সেটাকে বাংলাদেশের মানুষের চাহিদা অনুসারে সাজানোর চেষ্টা করছি। পাসপোর্টে জাতীয় স্মৃতিসৌধকে ধারণ করতে চাই। আমাদের ঐতিহ্য হিসেবে আরও অনেক বিষয় আছে। যেমন, ভবিষ্যতে মুদ্রার মধ্যে আপনারা বীরশ্রেষ্ঠদের চেহারা দেখতে পাবেন। যদিও তা অর্থ মন্ত্রণালয়ের বিষয়।
তিনি বলেন, আমরা এমন কিছু ছবি ওখানে ধারণ করব, যেখানে আপনারা বাংলাদেশের প্রতিচ্ছবি ও প্রতিনিধিত্ব দেখবেন। বাংলাদেশের মানুষের কালচারাল যে চিন্তা, সেটাও ওখানে দেখবেন। আগে যেমন দলীয়করণ করা হয়েছিল, আমাদের এখানে কোনো দলীয় চিন্তা দেখবেন না। সবকিছুতে রাজনীতিকরণ বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা– সেগুলো জাতীয় বিষয়গুলোতে থাকবে না। এটা আমাদের অঙ্গীকার।
বিএসআরএফের সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা আবদাল আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button