জাতীয় সংবাদ

ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মাহবুব রিমান্ডে

প্রবাহ রিপোর্ট : ঢাকা বিশ্ববিদল্যায়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-অর্থ সম্পাদক মো. মাহবুব আলমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন। এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের ধানমন্ডি জোনাল টিমের পুলিশ পরিদর্শক মুহাম্মদ মনিরুল ইসলাম সাত দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে শুনানি করেন। শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। গতকাল সোমবার সকাল ১১টায় মাহবুবকে রাজধানীর শ্যামলী এলাকায় থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে। এতে তিন শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়টির জিয়াউর রহমান হলের শিক্ষার্থী আবু সায়াদ বিন মাহিন সরকার। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট ৩৯১ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button