খেলাধুলা

ইরফান পাঠানকে বাদ দেওয়া হলো আইপিএলের ধারাভাষ্য প্যানেল থেকে

স্পোর্টস ডেস্ক : ২০২৫ সালের আইপিএলের ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে ভারত ও বিদেশের ৫০-এর বেশি বর্তমান ও সাবেক ক্রিকেটার থাকলেও নেই ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠানের নাম। আগের আসরগুলোতে ধারাভাষ্যের সঙ্গে যুক্ত থাকলেও এবার তার বাদ পড়ার কারণ নিয়ে আলোচনা চলছে।
ভারতীয় ক্রীড়া সংবাদমাধ্যম ‘মাই খেল’-এর প্রতিবেদন অনুযায়ী, কিছু ভারতীয় ক্রিকেটারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পাঠানকে ধারাভাষ্য প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে যে, ধারাভাষ্য দিতে গিয়ে তিনি ব্যক্তিগত মতামত প্রকাশ করেন এবং নির্দিষ্ট কিছু খেলোয়াড়ের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন। এমনকি এক তারকা ক্রিকেটার তাকে ফোনে ব্লক করেছেন বলেও জানা গেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, অস্ট্রেলিয়া সফরের সময় পাঠান এক ক্রিকেটার সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছিলেন, যা সেই ক্রিকেটার ভালোভাবে নেননি। বিসিসিআই-ও তার আচরণ নিয়ে সন্তুষ্ট ছিল না, কারণ তিনি ধারাভাষ্যের সময় ব্যক্তিগত রোষ ও পক্ষপাতমূলক মতামত প্রকাশ করতেন। সূত্র জানিয়েছে, ‘এমন না হলে তার নাম ধারাভাষ্য প্যানেলে থাকত। গত দুই বছর ধরে তিনি কিছু নির্দিষ্ট খেলোয়াড়ের বিরুদ্ধে ব্যক্তিগত এজেন্ডা কায়েম করেছেন, যা মেনে নেওয়া হয়নি।’
ইরফান পাঠান এই ঘটনার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি। তবে তিনি একমাত্র ব্যক্তি নন, যিনি ধারাভাষ্য প্যানেল থেকে বাদ পড়েছেন। এর আগে সঞ্জয় মাঞ্জরেকার ও হর্ষ ভোগলেকেও একই ধরনের কারণে ধারাভাষ্য প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছিল। মাঞ্জরেকার বিশেষ করে রবীন্দ্র জাদেজাকে ‘বিটস অ্যান্ড পিসেস ক্রিকেটার’ বলে সমালোচিত হন, যা বিতর্কের জন্ম দেয়।
২০২৫ সালের আইপিএলে ধারাভাষ্যের দায়িত্বে থাকবেন সুনীল গাভাস্কার, সঞ্জয় মাঞ্জরেকার, মাইকেল ক্লার্ক, ম্যাথু হেডেন, মার্ক বাউচার, শেন ওয়াটসন, বীরেন্দ্র শেবাগ, হরভজন সিং, শিখর ধাওয়ান, কেইন উইলিয়ামসন ও এবি ডি ভিলিয়ার্সসহ অন্যান্য ক্রিকেট ব্যক্তিত্ব। অন্যদিকে, বিশ^ব্যাপী ফিডে রবি শাস্ত্রী, অ্যারন ফিঞ্চ, ড্যানি মরিসন, ইয়ান বিশপ ও অ্যালান উইলকিনসদের রাখা হয়েছে।
যদিও আইপিএলের ধারাভাষ্য প্যানেলে না থাকলেও ইরফান পাঠান থেমে নেই। জানা গেছে, তিনি নিজের ইউটিউব চ্যানেলে আইপিএল ম্যাচ নিয়ে বিশেষ শো করবেন, যেখানে তিনি নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারবেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button