স্থানীয় সংবাদ

শিবচরে মা-শিশুকে হত্যা: ৫ দিন পর আড়িয়াল খাঁ নদে মিলল শিশুর লাশ

মাদারীপুর প্রতিনিধি ঃ মাদারীপুর জেলার শিবচরে গৃহবধূ শম্পা আক্তারকে (২৮) হত্যা এবং শিশু পুত্রকে নদীতে নিক্ষেপের চাঞ্চল্যকর ঘটনায় শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার নিলখী এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত লাশটি নদীতে ছুড়ে ফেলা শিশুটির হতে পারে। জানা গেছে, সোমবার সকালে উপজেলার নিলখী এলাকায় আড়িয়াল খাঁ নদে শিশুর অর্ধগলিত লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে উদ্ধার করে। এর আগে গত বুধবার (১৯ আগস্ট) শিবচরের বাখরেরকান্দি এলাকার একটি ঝোপ থেকে শম্পা (২৮) নামে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফারুক মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফারুক হত্যার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। একইসঙ্গে নিহত শম্পার এক বছর বয়সী পুত্র সন্তানকেও হত্যা করে এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতু থেকে পানিতে ফেলে দেয়। গত শনিবার (২২) ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এরপর নিখোঁজ শিশুর লাশ উদ্ধারে চেষ্টা চলতে থাকে। সোমবার নিলখী এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, আমরা নিহত শম্পার ডিএনএ সংগ্রহ করেছি। উদ্ধারকৃত শিশুর লাশের ডিএনএ টেস্ট করে নিশ্চিত হওয়া যাবে। তবে ধারণা করা হচ্ছে নিহত শম্পার এক বছর বয়সী শিশুর লাশই হবে এটা।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button