সম্পাদকীয়

রাজধানীতে অবৈধ বাস: বিশৃঙ্খলার নতুন মাত্রা

রাজধানী ঢাকায় যানজট এখন নিত্যদিনের সমস্যা। জনসংখ্যার চাপ, অপর্যাপ্ত অবকাঠামো ও গণপরিবহনের বিশৃঙ্খল ব্যবস্থাপনার কারণে নগরজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এর সঙ্গে যুক্ত হয়েছে অবৈধ বাসের দৌরাত্ম্য, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার সড়ক মোট আয়তনের মাত্র ৭.৫ শতাংশ, যেখানে কার্যকর গণপরিবহনের জন্য মাত্র ২.৫ শতাংশ রাস্তা উপযুক্ত। কিন্তু এই সংকীর্ণ পরিসরে অবৈধ বাসগুলো যেভাবে রাজধানীর বিভিন্ন সড়কে অবাধে চলাচল করছে, তা যানজটের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। নগরীতে ঢ়ুকে পড়া আন্তজেলা বাসগুলোর জন্য কোনো অনুমোদিত টার্মিনাল না থাকায় এগুলোর কাউন্টার ছড়িয়ে পড়েছে নগরীর ব্যস্ততম সড়কগুলোর পাশে। ফলে গুরুত্বপূর্ণ সড়কগুলো দিন-রাত ব্যস্ত থাকছে যাত্রী ওঠানো-নামানোর কাজে। রামপুরা-কুড়িল বিশ^রোড, পান্থপথ, মিরপুর, কলাবাগান, মালিবাগসহ বিভিন্ন এলাকায় দূরপাল্লার বাসের কাউন্টার রয়েছে। স্টার লাইন, ইকোনো, আল বারাকা, লাল সবুজ, হিমাচল, হামদান, সাদিয়া, সোহাগ পরিবহনের মতো বাসগুলো নির্দিষ্ট রুট পারমিট ছাড়াই শহরের ভেতরে প্রবেশ করছে। অথচ বিআরটিএর নিয়ম অনুযায়ী, আন্তজেলা বাসগুলোকে নির্দিষ্ট টার্মিনাল ব্যবহার করতে হবে এবং শহরের অভ্যন্তরে তাদের চলাচলের অনুমতি নেই। এ সমস্যা সম্পর্কে বিআরটিএ একাধিকবার পুলিশের দৃষ্টি আকর্ষণ করলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। সম্প্রতি সংস্থাটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে জানিয়েছে, এসব বাস নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থা নেওয়া দরকার। কিন্তু রহস্যজনকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর পদক্ষেপ নিতে অপারগ হয়ে পড়ছে। বিশে^র উন্নত নগরগুলোতে আন্তজেলা বাস শহরের বাইরে নির্দিষ্ট টার্মিনাল থেকে পরিচালিত হয় এবং নগরীর অভ্যন্তরে যাত্রীদের সুবিধার্থে রিং রোড বা বাইপাস ব্যবস্থা রাখা হয়। কিন্তু ঢাকায় উল্টো চিত্র দেখা যায়। শহরের অভ্যন্তরে অবৈধ বাসের উপস্থিতি শুধু যানজটই বাড়াচ্ছে না, বরং নগর ব্যবস্থাপনার দুর্বলতাকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। সরকারকে এখনই কঠোর হতে হবে। অবৈধ বাস ও কাউন্টার বন্ধে বিআরটিএ ও পুলিশের সমন্বিত উদ্যোগ জরুরি। একদিকে যেমন অবৈধ বাসগুলো বন্ধ করতে হবে, অন্যদিকে যাত্রীদের সুবিধার্থে সুষ্ঠু গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নগরবাসী আর কত দিন এমন অব্যবস্থাপনার শিকার হবে? সময় এসেছে সঠিক পরিকল্পনা ও কঠোর বাস্তবায়নের। ঢাকাকে বাঁচাতে হলে পরিবহন শৃঙ্খলা ফিরিয়ে আনতেই হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button