জুলাই অভ্যুত্থানে শহীদ সাকিবের কবর জিয়ারত করলেন শিল্প উপদেষ্টা

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সফরে এসে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত করেছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় তিনি শহীদের কবরে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন বসুপাড়া কবরস্থানে সাকিব রায়হানের কবরে ফুলেল শুভেচ্ছা জানান উপদেষ্টা আদিলুর রহমান। পরে তিনি মোনাজাতে অংশ নেন। পরে তিনি নির্ধারিত কর্মসূচি খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর বিভিন্ন প্রকল্প দেখতে যান। এ সময় কেডিএ চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাংগীর হোসেন, খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হকসহ কেডিএ’র ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কেডিএ’র প্রধান প্রকৌশলী সাবেরুল আলম বলেন, ‘উপদেষ্টা আদিলুর রহমান খান কেডিএর কিছু প্রকল্প এলাকা দেখার জন্য খুলনা এসেছেন। শনিবার তার যশোরে কর্মসূচি রয়েছে। তবে উপদেষ্টা শহীদ সাকিবের কবর পাকাকরনের জন্য কেসিসির প্রশাসককে বলে যান। এদিকে, সাকিব রায়হানের বাবা শেখ আজিজুর রহমান বলেন, ‘কবর জিয়ারতের খবর তাকে আগে জানানো হয়নি। এ জন্য তিনি জিয়ারতে অংশ নিতে পারেননি। তিনি সকাল থেকে তার নবপল্লীর মুদি দোকানে ছিলেন।’ ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গতবছর ১৯ জুলাই ঢাকার মিরপুরে পুলিশের গুলিতে নিহত হন সাকিব রায়হান। পরে তাকে খুলনায় এনে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। সাকিব রায়হান ছিলেন তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট। তিনি পবিত্র কোরআনের ১৮ পারার হাফেজ ছিলেন। খুলনা থেকে ঢাকায় গিয়েছিলেন চাকরির খোঁজে। কিন্তু আন্দোলনে অংশ নিয়ে শহীদ হন।



