জাতীয় সংবাদ

ইসলামাবাদে রেড অ্যালার্ট, ১৪৪ ধারা জারি

প্রবাহ রিপোর্ট : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারির পর এবার রাজধানী ইসলামাবাদে সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে শহরজুড়ে ১৪৪ ধারা কার্যকর করা হয়েছে। নিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও স্থাপনাগুলোতে বিপুলসংখ্যক পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।
প্রতিবেদন অনুযায়ী, ইসলামাবাদে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ১৪৪ ধারা অমান্যকারীদের গ্রেপ্তারের নির্দেশও দেওয়া হয়েছে।
রাজধানীর প্রধান সড়কগুলোর গুরুত্বপূর্ণ মোড় ও বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সব পুলিশ সুপার (এসপি), ডেপুটি পুলিশ সুপার (ডিএসপি) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (এসএইচও) মাঠপর্যায়ে সক্রিয় থেকে পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

শহরের কোথাও ব্যানার প্রদর্শন কিংবা জনসমাগমের ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছে প্রশাসন। এ ছাড়া ইসলামাবাদের বিভিন্ন প্রবেশপথে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত ‘রেড জোনে’ অনুমতি ছাড়া প্রবেশ সীমিত করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় পাকিস্তান রেঞ্জার্সের সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা এবং গভর্নরের শাসন জারির পর ইসলামাবাদে এই কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হলো। তবে রাজধানীতে রেড অ্যালার্ট জারির সুনির্দিষ্ট কারণ সম্পর্কে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি। সূত্র: জিও নিউজ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button