জাতীয় সংবাদ

১৯ জুলাই সমাবেশ করবে জামায়াত

প্রবাহ রিপোর্ট : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১৯ জুলাই সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থার দাবিতে শনিবার দুপুর ২টায় সমাবেশ করবে দলটি। সমাবেশকে সামনে রেখে গতকাল বুধবার সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে ‘জাতীয় সমাবেশ’ বাস্তবায়ন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জাতীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে কমিটির বিভিন্ন বিভাগের কাজের পর্যালোচনা করা হয়। দলীয়ভাবে সমাবেশ শান্তিপূর্ণভাবে সফল করার জন্য সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণ ও উত্তরের আমির যথাক্রমে নূরুল ইসলাম বুলবুল ও মো. সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণ ও উত্তরের সেক্রেটারি যথাক্রমে ড. শফিকুল ইসলাম মাসুদ ও ড. রেজাউল করিম, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও মো. ইয়াসিন আরাফাত, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেনারেল সেক্রেটারি আতিকুর রহমান ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button