জাতীয় সংবাদ

পরীক্ষাকেন্দ্রে দলবল নিয়ে ছাত্রদল নেতা, সংগঠন থেকে বহিষ্কার

প্রবাহ রিপোর্ট : নোয়াখালীর সেনবাগে নির্দেশনা অমান্য করে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর আগে দলবল নিয়ে কেন্দ্রের ভেতরে প্রবেশ করেছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ। বিষয়টি নিজের ফেসবুকেও পোস্ট করেছেন তিনি। এ ঘটনার পর ছাত্রদলের সাংগঠনিক পদ থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে সেনবাগ উপজেলার সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ কেন্দ্রে ঢুকে পড়েন সানাউল্লাহ ও তার অনুসারীরা। যদিও পরীক্ষার পরিবেশ সুষ্ঠু ও নিরাপদ রাখতে কেন্দ্রের ১০০ গজের মধ্যে সাধারণ জনগণের প্রবেশ ৪৮ ঘণ্টা আগে নিষিদ্ধ করা হয়। স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে মোহাম্মদ সানাউল্লাহ পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন কক্ষে গিয়ে বক্তব্য দেন। এ সংক্রান্ত কয়েকটি ছবি সানাউল্লাহ তার ফেসবুক আইডিতে পোস্ট করেন, যেখানে তাকে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলতে দেখা যায়। ওই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়। কয়েকজন পরীক্ষার্থী জানান, পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে ছাত্রদল নেতা মোহাম্মদ সানাউল্লাহ কয়েকটি কক্ষে ঢোকেন। এসময় ইউনিয়ন বিএনপির সভাপতি তাহের কোম্পানি ও একাধিক ব্যক্তি তার সঙ্গে ছিলেন। তারপর তারা কক্ষের ভেতরে দাঁড়িয়ে ছবি তোলেন। পরে তারা অন্যান্য স্থানেও ঘুরে বেড়ান। এ নিয়ে সংশ্লিষ্টরা জানান, কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা এমন অনধিকার প্রবেশে কোনো প্রতিক্রিয়া দেখাননি, বরং নীরব দর্শকের ভূমিকায় ছিলেন। এতে কেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠে। সচেতন মহলের দাবি, এ ধরনের রাজনৈতিক প্রভাব বিস্তার পরীক্ষার সুষ্ঠু পরিবেশ, নিরপেক্ষতা ও নিরাপত্তা হুমকির মুখে ফেলে। তারা ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। ঘটনার বিষয়ে সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আমার এলাকায় পরীক্ষা, তাদের সঙ্গে দেখা করা আমার দায়িত্ব। তাই পরীক্ষা কেন্দ্রে দেখা করতে গিয়েছিলাম। তারপর আমিই ছবি তুলে ফেসবুকে দিয়েছি। আমি যখন গিয়েছি তখন পরীক্ষা শুরু হয়নি। তারপর কেন্দ্র সচিব এসে আমাকে বের করেন এবং আমি চলে আসি। কেন্দ্র সচিব এবিএম আরমান বলেন, আমি প্রশ্নপত্র আনতে গেছি- এমন সময় ছাত্রনেতা প্রবেশ করেছেন, আমি এসেই তাদের বের করে দিয়েছি। তারা এভাবে ঢুকতে পারেন না। আমি তাদের বুঝিয়েছি, তারপর তারা চলে গেছেন।
সাময়িক বহিষ্কার: এদিকে বৃহস্পতিবারের এ ঘটনায় গতকাল শুক্রবার সানাউল্লাহর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে ছাত্রদল। সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের সাংগঠনিক নির্দেশনা ও প্রচলিত নিয়ম লঙ্ঘন করে নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মাদ সানাউল্লাহ এইচএসসি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। এই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোহাম্মদ সানাউল্লাহকে সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button