জাতীয় সংবাদ

জুলাই সনদ ঘোষণাসহ ৩ দাবিতে ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ পদযাত্রা

প্রবাহ রিপোর্ট : জুলাই সনদ ও ঘোষণাপত্র, ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম এবং গণহত্যাকারী ভারতীয় প্রক্সি হাসিনার বিচারের দাবিতে ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ পদযাত্রা করেছে জুলাই ঐক্য নামের এক সংগঠন। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শাহবাগ পর্যন্ত এই পদযাত্রা কর্মসূচি পালন করে সংগঠনটি। এ সময় জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের বলেন, ১১ মাসেও আমরা জুলাই সনদ পাইনি। কোনো একক দলের জুলাই সনদ দেওয়ার এখতিয়ার নাই। এই সরকারকেই জুলাই সনদ ও ঘোষণাপত্র দিতে হবে। সরকার যদি ব্যর্থ হয় তাহলে উচিত হবে দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দেওয়া। তা না হলে জুলাইয়ের ছাত্রজনতা তা আদায় করে নেবে। মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ নামের আরেক সংগঠক বলেন, আমরা অনেক অপেক্ষা করেছি। অবিলম্বে জুলাই সনদ ও ঘোষণাপত্র দিতে হবে। জুলাই যোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। জুলাই ঘোষণাপত্র না হলে ৫০ বছর পর জুলাইয়ের এই আন্দোলনকে সন্ত্রাসী বলে ঘোষণা দেওয়া হবে। তাই সরকারকে বলবো অবিলম্বে কালক্ষেপণ না করে জুলাই ঘোষণাপত্র দিন। সংগঠনের আরেক সংগঠক ইসরাফিল ফরাজী বলেন, ১১ মাসে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। দুই জন ছাত্র উপদেষ্টা তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অবস্থায়ও গণমাধ্যমে কোনো সংস্কার হয়নি। সচিবালয় থেকে শুরু করে সরকারের কোনো জায়গায় সংস্কার হয়নি। আজ এনবিআর থেকে শুরু করে প্রতিটি স্থানে বিশৃঙ্খলা তৈরি করে রেখেছে ফ্যাসিবাদের দোসররা। ৩২ সাংবাদিকের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় মামলা হয়েছে। অথচ সরকার সেসব কথিত সাংবাদিকদের বিরুদ্ধে কেনও ব্যবস্থা নিচ্ছে না। হয় তাদের বিচার করুন অথবা দায়মুক্তি দিন। অন্যথায় ছাত্রজনতাকে নিয়ে প্রতিটি সেক্টর থেকে ফ্যাসিবাদ মুক্ত করা হবে। পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন জুলাই ঐক্যের সংগঠক প্লাবন তারিক, বুরহান মাহমুদ, মোস্তফা প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button